দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সুনামগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
- প্রকাশঃ ১০:০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 65
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ–৩ ও সুনামগঞ্জ–৪ আসনের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—সুনামগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী) মো. আনোয়ার হোসেন (তালা) এবং সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন (মোটরসাইকেল)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এই দুইজনসহ সারাদেশে মোট ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ১১ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।


























