কাশ্মীরে সেনা গাড়ি দুর্ঘটনায় নিহত ১০, আহত আরও ১০
- প্রকাশঃ ০৪:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 28
ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন সেনা সদস্য। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে অভিযানে অংশ নিতে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া যানটি ছিল ‘ক্যাসপির’ মডেলের একটি বুলেটপ্রুফ সেনা গাড়ি। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয় এবং আহত সেনাদের দ্রুত হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় বলেন, ‘ডোডায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।’ তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
লেফটেন্যান্ট গভর্নর আরও বলেন, ‘এই শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত সেনা সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
সূত্র: এনডিটিভি





























