নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন, কি জানা গেল?
- প্রকাশঃ ০৩:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 30
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তী সরকার। তবে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর কোথায় বসবাস করবেন, তা এখনও চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, পরবর্তী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্ধারণের সিদ্ধান্ত নতুন সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়নি। যদিও উচ্চপর্যায়ের একটি কমিটি একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে, নিরাপত্তা, বাস্তবতা এবং খরচের কারণে সেগুলো কার্যকর হয়নি।
১৯৭৪-এর গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন জনতার দখলে চলে যায়। পরবর্তীতে সরকার গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করে, ফলে এটি আর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার উপযোগী নয়।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে বসবাস করছেন। সরকারি সূত্র বলছে, নতুন সরকার গঠিত হলে পরবর্তী প্রধানমন্ত্রীও আপাতত এই যমুনা ভবন থেকেই দায়িত্ব শুরু করবেন।
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে বিভিন্ন বিকল্প বিবেচনা করা হয়েছিল। জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার প্রস্তাব থাকলেও নিরাপত্তা ও বাস্তবতার কারণে তা কার্যকর হয়নি। গুলশানের জাপান দূতাবাসের পরিত্যক্ত বাড়ি বা শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্যমেলার খালি জায়গা পরিদর্শন করা হলেও নকশা ও জটিলতার কারণে সেগুলোর বাস্তবায়ন সম্ভব হয়নি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কমিটি তাদের প্রতিবেদনে হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের ২৪ ও ২৫ নম্বর বাংলোকে নতুন প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হিসেবে উল্লেখ করেছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেন, নতুন প্রধানমন্ত্রী আপাতত যমুনায় থাকবেন—এমনটাই ধরে নেওয়া হয়েছে। পরবর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।




























