প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ
- প্রকাশঃ ০২:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 2
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন নেমে আসবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অর্জিত কালো টাকা নির্বাচনে ব্যবহৃত হচ্ছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, আপনার আশপাশে দেখবেন, অনেকে টাকাপয়সা দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, নবীনগরের মানুষ ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে এসব চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফতে মজলিসের আমজাত হোসাইন (রিকশা প্রতীক)-এর পক্ষে ভোট চান তিনি। তিনি বলেন, সারা দেশে বিপ্লব ঘটে গেছে। মানুষ ধানের শীষের মিছিল দিচ্ছে, ফুটবল মার্কার মিছিল দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ রিকশাতেই সিল মারবে।
প্রশাসন ও পুলিশের ভূমিকা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু লোভী বেনজীর-হারুন-বিপ্লব আবার উদয় হয়েছে। পুলিশ ভাইদের বলব, তাদের থেকে শিক্ষা নিন।
তিনি আরও বলেন, কোনো পুলিশ সদস্য যদি অবৈধ অর্থ স্পর্শ করেন, তাহলে তা আল্লাহর কাছে জবাবদিহির বিষয় হয়ে দাঁড়াবে।
গণমাধ্যমের প্রতিও সতর্কবার্তা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা না রাখেন, জনগণ এবার মিডিয়াকে লাল কার্ড দেখাবে।”
নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আবদুল বাতেন এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি এমদাদুল হক সিরাজী।






















