‘নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই, বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে’—মির্জা ফখরুল
- প্রকাশঃ ০২:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 46
ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। আজ মঙ্গলবার। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স সঠিকভাবে থাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই। তিনি আশা প্রকাশ করেছেন, বিএনপি এবারের নির্বাচনে ল্যান্ডস্লাইড জয় পাবে।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সংবাদকর্মীদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিগত ১৫ বছরে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে এবারের নির্বাচন এখন পর্যন্ত ভালো যাচ্ছে এবং কার্যকর প্রভাব ফেলতে পারবে না।
মির্জা ফখরুল জানান, কিছু অভিযোগ থাকলেও তিনি মনে করেন সরকারি কর্মচারীরা দায়িত্ব পালনে ন্যায্যভাবে কাজ করবেন। তিনি বলেন, চেক অ্যান্ড ব্যালেন্স থাকার কারণে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই।
নির্বাচন নিয়ে বিএনপির প্রত্যাশা বিষয়ে তিনি বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছি। এই নির্বাচন হবে গেটওয়ে। সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হবে।
মির্জা ফখরুল আরও জানান, বিএনপি সবসময় নির্বাচনের ফলাফলকে স্বাগত জানায়। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দিয়েছেন।
তিনি যোগ করেন, প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলকে সিরিয়াসলি নেওয়া হচ্ছে এবং যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। ‘আমরা আশাবাদী যে এবার বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে,’ বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।




























