১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
- প্রকাশঃ ০২:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 77
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১১৯টি সংসদীয় আসনের জন্য ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জাতীয় পার্টি (একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপির সমন্বয়ে এই নতুন জোট গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এ সময় জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জোটের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।
ঘোষিত তালিকায় দুই দলেরই শীর্ষ নেতাদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন: আনিসুল ইসলাম মাহমুদ: চট্টগ্রাম-৫, আনোয়ার হোসেন মঞ্জু: পিরোজপুর-২, এ বি এম রুহুল আমিন হাওলাদার: পটুয়াখালী-১, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ: ঢাকা-১০, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু: কিশোরগঞ্জ-৩, শেখ শহিদুল ইসলাম: মাদারীপুর-৩, গোলাম সারোয়ার মিলন: মানিকগঞ্জ-২।
কৌশলগত কারণে জোটের পক্ষ থেকে ১১টি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আসনগুলো হলো— ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮। এছাড়া জেপি ও অন্যান্য শরিক দলের পক্ষ থেকে শওকত মাহমুদ (কুমিল্লা-৫) ও গোলাম মোর্শেদ রনিসহ (নারায়ণগঞ্জ-৪) বেশ কয়েকজন পরিচিত মুখকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার দেশের বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, সারা দেশে মব সন্ত্রাস চলছে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে নাজেহাল এবং ময়মনসিংহে পৈশাচিক হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রমাণ করে দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ।
তিনি আরও অভিযোগ করেন, ধানমন্ডি ৩২ নম্বর ও ছায়ানটে ভাঙচুর এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বাসভবনে অগ্নিসংযোগের মতো ঘটনা দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির ইঙ্গিত দেয়। এমন অস্থিতিশীল পরিবেশে সরকার কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, তা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জোটের নেতারা দাবি করেন, তারা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তবে সরকারের পক্ষ থেকে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।




























