বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনা ও স্থিতিশীলতা সম্ভব নয়: নুরুল হক নুর
- প্রকাশঃ ১২:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 97
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে রাষ্ট্র পরিচালনা কিংবা দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয়।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, আমি ব্যক্তিগতভাবে কী পেলাম কিংবা আমার দল কয়টি আসন পেল—এসব বিষয় আমার কাছে মুখ্য নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। তাই এখানে কোনো ভাগ-বাটোয়ারা কিংবা চাওয়া-পাওয়ার প্রশ্ন নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমরা সিদ্ধান্ত নিয়েছি—আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে।
এ সময় পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিপলু খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের মনের ব্যথা বুঝি। দুঃসময়ে আপনারা দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে বিএনপি এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হই, তাহলে আপনারা যেভাবে দলের জন্য কাজ করেছেন, সেভাবেই এমপির কার্যক্রমেও সম্পৃক্ত থাকবেন। সবাইকে সঙ্গে নিয়েই এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে চাই।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তাঁকে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহ তায়ালা কিছু মানুষকে অন্য মানুষের উপকার করার সুযোগ দেন। আমি আমার চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। তাই এই অঞ্চল থেকেই নির্বাচন করতে আগ্রহী। অন্তত একবার পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়ে মানুষের হক আদায় করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আসছেন।




























