গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম: শেখ হাসিনা
- প্রকাশঃ ১২:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 64
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা এক শোক বার্তায় বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি ও বিশেষ করে বিএনপি নেতৃত্বের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। বার্তাটি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
শেখ হাসিনা তার বার্তায় বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তাদের এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে শেখ হাসিনার এই শোক বার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত সোমবার দিবাগত রাত ২টার পর তার স্বাস্থ্যের চরম অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের চেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের বাইরে উপস্থিত সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মাধ্যমে ‘আপসহীন নেত্রী’ খ্যাত বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবনের বিশেষত্ব হলো যে, তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং কখনো পরাজিত হননি। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুবার বিরোধীদলীয় নেতার ভূমিকায় ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজপথে আন্দোলন এবং জেল-জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ার দৃঢ় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার প্রয়াণ কেবল বিএনপির নয়, সমগ্র দেশের রাজনৈতিক কাঠামোর এক শক্তিশালী স্তম্ভের পতন হিসেবে বিবেচিত হবে।
শেখ হাসিনার শোক বার্তার পাশাপাশি দেশজুড়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন।




























