বিভাজনের সুযোগ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিস্টরা: ঐক্যের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের
- প্রকাশঃ ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 63
বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও দিল্লির তাঁবেদাররা দেশে নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব চক্রান্ত মোকাবিলায় এবং জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন সাদিক কায়েম। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “আমরা প্রথমেই আপসহীন সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। তারেক রহমানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি ডাকসুসহ দেশের ছাত্রসমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন এবং সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।”
আগামীর রাজনীতি হবে ‘বাংলাদেশপন্থী’ উল্লেখ করে তিনি বলেন, দেশ, মাটি, মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধই হবে ভবিষ্যৎ রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়েছেন, সেই আদর্শেই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।”
তরুণ প্রজন্মের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে ডাকসু ভিপি বলেন, গত ১৬ বছর ধরে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে প্রস্তাবিত গণভোট বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিহত শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, ওসমান হাদিকে যারা গুলি করেছে এবং হত্যার পরিকল্পনায় জড়িতরা এখনো গ্রেপ্তার হয়নি। স্বাধীন বাংলাদেশে তার বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে এক কাতারে আসতে হবে।
সবশেষে তিনি আশা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।




























