কপিরাইট অভিযোগে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে
- প্রকাশঃ ০১:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 52
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ জানান, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি কয়েক দিন আগে ডিজেবল করা হয়। তার দাবি, ভারতবিরোধী অবস্থান গ্রহণের পর একাধিক পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে পরিকল্পিতভাবে তার আইডিটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আইডি অকার্যকর থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত, সমর্থক ও অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যক্তিগত প্রোফাইল বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত তার অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।
সমর্থকদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার বক্তব্য ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই পেজটি নিয়মিত শেয়ার করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান, বিশেষ করে ভারতবিরোধী মতাদর্শ প্রকাশের কারণেই কপিরাইট অভিযোগ এনে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি ডিজেবল করা হয়েছে বলে তিনি মনে করছেন।




























