ইসিতে আপিলে প্রথম দিনে ৫১ প্রার্থী ফিরে পেলেন, একজনের মনোনয়ন বাতিল
- প্রকাশঃ ০৭:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 51
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনী আপিলে প্রথম দিনে ৫১ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এক জন প্রার্থীর মনোনয়নপত্র আপিলে বাতিল হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে শুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁদের আইনজীবীরা অংশ নেন।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে—যার মধ্যে একটি ছিল মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে। ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল চেয়ে করা আবেদন মঞ্জুর করা হয়েছে। ফলে তার প্রার্থিতা বাতিল হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। আপিল গ্রহণ শুরু হয় ৫ জানুয়ারি থেকে এবং শেষ হয় ৯ জানুয়ারি। শেষ দিনে ১৭৬টি আপিল জমা পড়ে।
শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও ২৮০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে।




























