বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি
- প্রকাশঃ ০২:৪৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 55
বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপির সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে রফিকুল বাসেত বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যোগদানের সময় তিনি জানান, দীর্ঘ আত্মসমালোচনা ও চিন্তা–উপলব্ধির পর তিনি ইসলামী আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তিনি গাজীপুর মহানগরের নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
রফিকুল বাসেত বলেন, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং দোয়া চাই যেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারি।




























