ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ প্রার্থী, বিএনপির ২৮৮ ও জামায়াতের ২২৪
- প্রকাশঃ ০৩:১৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 79
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চূড়ান্ত সংখ্যা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের ২৯৮টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন।
বুধবার দিবাগত রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
ইসির তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৯ জন।
দলভিত্তিক হিসেবে সর্বাধিক আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—২৮৮টি আসনে। এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা ২৫৩টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা ২২৪টি আসনে প্রার্থী দিয়েছে।
এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি ১৯২টি, গণঅধিকার পরিষদ ৯০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমানে ২৯৮টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণার কারণে ওই দুই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ২৭ জানুয়ারির পর প্রকাশ করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।




























