নির্বাচনী জনসভায় হাসনাত আবদুল্লাহর কঠোর বার্তা: ব্যালট বাক্স রক্ষায় সর্বোচ্চ ত্যাগের ঘোষণা
- প্রকাশঃ ০১:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। গতকাল শনিবার
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্র রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি বলেন, ‘প্রয়োজনে জান দেব, কিন্তু ভোটকেন্দ্র ছাড়ব না। আমাদের ব্যালট বাক্স ছিনতাই হতে দেব না।’
গতকাল শনিবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১–দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের মানুষের সেবা করার জন্যই আপনারা দায়িত্বে এসেছেন। কোনো দলীয় আনুগত্য পালনের জন্য নয়। পুলিশ ও সেনাবাহিনীর প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা পুনরুদ্ধারের সুযোগ এখন আপনাদের সামনে। ১২ তারিখে সেই পরীক্ষার দিন।’
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তনের সুযোগ। তিনি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ১১–দলীয় জোটের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের ১১–দলীয় জোট মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা।























