অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
- প্রকাশঃ ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 12
রান ও উইকেট—দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দল। দীর্ঘ সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান।
ম্যাচের শেষ মুহূর্তে উসমান তারিকের বলে ম্যাথু কুনেমান ক্যাচ দেন প্রথম স্লিপে, যেখানে নিরাপদ হাতে বল তালুবন্দি করেন সালমান আগা। এই মুহূর্তের মধ্য দিয়েই নিশ্চিত হয় পাকিস্তানের বড় জয় ও সিরিজ জয়।
প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯৮ রান। শুরুতেই সাহিবজাদা ফারহানের উইকেট হারালেও সাইম আইয়ুবকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছন্দে ফেরেন অধিনায়ক সালমান। দ্বিতীয় উইকেটে তাঁদের ৫০ রানের জুটি আসে মাত্র ২১ বলে। সাইম ১১ বলে ২৩ রান করে আউট হলেও সালমান থেমে যাননি। ২৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।
১৩তম ওভারে শন অ্যাবোটের বলে আউট হওয়ার আগে সালমান করেন ৪০ বলে ৭৬ রান, যেখানে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। তাঁর বিদায়ের পর উসমান খান ৩৬ বলে ৫৩ রান এবং শাদাব খান অপরাজিত ২০ বলে ২৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে বড় সংগ্রহে পৌঁছে দেন।
১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপে পড়ে। উদ্বোধনী জুটি ট্রাভিস হেড ও মিচেল মার্শ ২২ রানের বেশি করতে পারেননি। এরপর ক্যামেরন গ্রিন (২০ বলে ৩৫) ও ম্যাথু শর্ট (২৩ বলে ২৭) ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। পুরো দল ১৫.৪ ওভারে গুটিয়ে যায় ১০৮ রানে।
পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ও শাদাব খান নেন তিনটি করে উইকেট। উসমান তারিক নেন দুটি এবং মোহাম্মদ নেওয়াজ ও সাইম আইয়ুব একটি করে উইকেট শিকার করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম পাকিস্তানের স্পিনাররাই প্রতিপক্ষের সব কটি উইকেট তুলে নিলেন।
এর আগে ২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল পাকিস্তান, যেখানে দলটির অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ।
ম্যান অব দ্য ম্যাচ: সালমান আগা।



























