জাতীয় ক্রিকেটারদের জন্য আড়াই কোটি টাকার টি-টুয়েন্টি টুর্নামেন্ট ঘোষণা
- প্রকাশঃ ১০:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 8
টি–টুয়েন্টি বিশ্বকাপের সময় ক্রিকেটারদের মাঠে রাখার উপায় নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। সরকারের নির্দেশনার আলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ঘোষণা করেছে, ‘অদম্য বাংলাদেশ’ নামে তিন দলের একটি বিশেষ টি–টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের।
পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ও ম্যাচ ফি মিলিয়ে মোট হবে আড়াই কোটি টাকা। আগামী ৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা, যেখানে খেলবেন জাতীয় দল এবং তার আশপাশের ক্রিকেটাররা। প্রথম পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, এরপর শীর্ষ দুই দলের মধ্যে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলাধুলার আগে দুই ঘণ্টা ধরে দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। দর্শকরা খেলাধুলা দেখতে পারবেন বিভিন্ন প্রবেশমূল্যের টিকেটে: ১০০ টাকায় ইস্টার্ন, ২০০ টাকায় নর্দার্ন ও সাউদার্ন, ৫০০ টাকায় ক্লাব হাউস এবং ১ হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে।
তিন দলের স্কোয়াড এখনও চূড়ান্ত না হলেও দলের নাম ও অধিনায়ক ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দেবেন ধূমকেতু একাদশ কে, আর টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন থাকবেন দুর্বার একাদশ এর অধিনায়ক। দুরন্ত একাদশ এর নেতৃত্বে থাকবেন আকবর আলী।
বিসিবি কোচিং স্টাফের নামও ঘোষণা করেছে। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন, তাঁর সহকারী হিসেবে থাকবেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
দুর্বার একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান, যিনি সম্প্রতি বিপিএলে চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে পৌঁছে দিয়েছেন; তাঁর সহকারী কোচ থাকবেন তুষার ইমরান।
দুরন্ত একাদশের দায়িত্বে থাকছেন হান্নান সরকার, যিনি ঘরোয়া ক্রিকেটের প্রধান দুই আসর প্রিমিয়ার লিগ ও বিপিএলের শিরোপা জিতেছেন; তাঁর সহকারী হিসেবে থাকবেন রাজিন সালেহ।
বিসিবি এই টুর্নামেন্টকে একটি ‘উদ্বুদ্ধক’ এবং মানসম্পন্ন ইভেন্ট হিসেবে সাজানোর পরিকল্পনা করছে, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হবে আকর্ষণীয় বিনোদনের মাধ্যম।



























