বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ‘হোম অফিস’ করছেন নেইমার
- প্রকাশঃ ০২:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 6
কোভিড মহামারির সময় জনপ্রিয় হওয়া ‘হোম অফিস’ শব্দটি এবার উঠে এলো বিশ্বকাপ ফুটবলের আলোচনায়। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে ঘিরে এমনই এক ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।
বেলো হরিজোন্তেতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগ সংক্রান্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লুলা রসিকতা করে বলেন, নেইমার এখন যেন ‘বিশ্বের প্রথম হোম অফিস করা ফুটবলার’।
অনুষ্ঠানে এক শিশুকে ব্রাজিল জাতীয় দলের সেরা খেলোয়াড় কে জানতে চাইলে শিশুটি নেইমারের নাম বলে। এর জবাবে লুলা বলেন, নেইমার তো খেলছেই না। সে হলো বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। তিনি আরও বলেন, এমন দিন আসতে পারে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জাতীয় দল বানাতে হবে, যেমন পেলের ১১ জনের দল।
নেইমার বর্তমানে চোটের কারণে পুনর্বাসনে আছেন এবং এক মাস ধরে মাঠের বাইরে রয়েছেন। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচেও তিনি খেলতে পারেননি। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করা প্রথম ম্যাচের পর হাইতির বিপক্ষেও তিনি মাঠে নামতে পারেননি।
দলটির অন্যান্য সদস্যরা ফিলাডেলফিয়ায় ম্যাচের প্রস্তুতি নিলেও নেইমার নিউ জার্সিতে দলের বেজক্যাম্পে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাঠে ফিরতে পারেন।








