মেসির গোল–অ্যাসিস্টের হ্যাটট্রিকে সিনসিনাটিকে উড়িয়ে ফাইনালে ইন্টার মায়ামি
- প্রকাশঃ ০৯:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 170
মেসির গোল উদ্যাপন। ছবি: সংগৃহীত
এবারও জাদুকরি ফুটবলে আলো ছড়ালেন লিওনেল মেসি। তাঁর অসাধারণ পারফরম্যান্সে এমএলএস কনফারেন্স কাপের সেমিফাইনালে সিনসিনাটিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। চারটি গোলের প্রতিটিতেই সরাসরি ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর—একটি গোল করেছেন নিজে, আর বাকি তিনটিতে করেছেন নিখুঁত সহায়তা।
ওহাইওতে ম্যাচের ১৯ মিনিটেই মেসির গোল মায়ামিকে এগিয়ে দেয়। প্রথমার্ধে আর কোনো গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে অতিথিরা। ৫৭ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও সিলভেত্তি। এরপর ৬২ ও ৭৪ মিনিটে মেসির বাড়ানো বল থেকে জোড়া গোল করেন তাদেও আলেন্দে, নিশ্চিত হয় মায়ামির বড় জয়।
এই জয়ে আগামী শনিবারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া বা নিউ ইয়র্ক সিটি এফসির মধ্যে যেকোনো এক দলের বিপক্ষে সেই ফাইনাল; জিতলে প্রথমবারের মতো এমএলএস কাপের মূল ফাইনালে উঠবে ক্লাবটি।
ম্যাচে মেসির পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। গোল ও তিন অ্যাসিস্টের পাশাপাশি তিনি তৈরি করেছেন আটটি গোলের সুযোগ—যার চারটি ছিল স্পষ্ট ‘বিগ চান্স’। পুরো ম্যাচে ৩টি শট, ২টি সফল ড্রিবল, শতভাগ ট্যাকেল সাকসেস এবং ফাইনাল থার্ডে ৭টি পাস দিয়েছেন তিনি। তাঁর সব ক্রস ও লং বল ছিল শতভাগ নিখুঁত। ম্যাচজুড়ে মেসির নিখুঁত পাসের সংখ্যা ছিল ৪১টি। সব মিলিয়ে তাঁর ক্যারিয়ার–অ্যাসিস্ট এখন দাঁড়াল ৪০৪।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো দলীয় পারফরম্যান্সের প্রশংসা করে বলেন,
কঠিন মাঠে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দল যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই গর্বিত। খেলোয়াড়রা আজ তাদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে।
মেসি সম্পর্কে তিনি আরও যোগ করেন,
শুধু লিও নয়, এই পুরো দলটিকে কোচিং করাটা আমার জন্য সম্মান। আমরা জানি লিও কী করতে পারে—প্রতি সপ্তাহেই সে তা প্রমাণ করে। আজও বল ছাড়া দারুণ পরিশ্রম করেছে এবং বল পায়ে তার জাদু তো সব সময়ই চমকে দেয়।


















