অস্ট্রেলিয়ায় স্পনসর ছাড়াই স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
- প্রকাশঃ ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০
- / 6
অস্ট্রেলিয়া, ১৩ নভেম্বর (প্রজন্ম কথা) – দক্ষ অভিবাসন কর্মসূচির আওতায় স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসার (সাবক্লাস ১৮৯) জন্য ২০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত এক দফার আমন্ত্রণ প্রক্রিয়ায় এ সুযোগ দেওয়া হয়েছে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যোগ্য পেশাজীবীদের অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বিভিন্ন পেশার প্রার্থীদের এই আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন খাতের যোগ্য পেশাজীবীরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন।
সাবক্লাস ১৮৯ ভিসার পয়েন্টভিত্তিক ব্যবস্থায় আবেদনকারীর জাতীয়তার চেয়ে পেশাগত যোগ্যতা, দক্ষতা, বয়স, ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশে অবস্থানরত চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন পেশার যোগ্য ব্যক্তিরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের পেশা অস্ট্রেলিয়ার নির্ধারিত পেশাতালিকার অন্তর্ভুক্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্কিলস অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হতে হবে।
বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা, শিক্ষাগত সনদের গ্রহণযোগ্যতা এবং নিজ নিজ পেশায় কাজের অভিজ্ঞতার যথাযথ প্রমাণ গুরুত্বপূর্ণ। এসব যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি আবেদনকারীদের পয়েন্টভিত্তিক মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে।
স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা অস্ট্রেলিয়ার একটি পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এর অন্যতম বৈশিষ্ট্য হলো, আবেদনকারীর জন্য অস্ট্রেলিয়ার কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ কিংবা কোনো রাজ্য সরকারের মনোনয়ন প্রয়োজন হয় না। ভিসা পেলে একজন অভিবাসী দেশটির যেকোনো স্থানে বসবাস ও কাজ করতে পারেন।
এই ভিসার জন্য আগ্রহীদের প্রথমে স্কিলসিলেক্ট ব্যবস্থায় আগ্রহপত্র জমা দিতে হয়। এরপর পেশাগত যোগ্যতা, বয়স, ইংরেজি ভাষার দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় বিবেচনায় পয়েন্ট নির্ধারণ করা হয়। যোগ্য প্রার্থীদের মধ্য থেকে অস্ট্রেলিয়া সরকার নির্বাচিত ব্যক্তিদের ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণ জানায়।
সাধারণত আমন্ত্রণ পাওয়ার সময় আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পেশার অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক দক্ষতা মূল্যায়ন এবং প্রয়োজনীয় ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ থাকতে হয়।
পয়েন্ট পরীক্ষায় ন্যূনতম ৬৫ পয়েন্ট অর্জন করলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না। পেশাভিত্তিক প্রতিযোগিতা, আবেদনকারীর অর্জিত পয়েন্ট এবং সংশ্লিষ্ট আমন্ত্রণ রাউন্ডে নির্ধারিত স্কোরের ওপরও আমন্ত্রণ পাওয়া নির্ভর করে।
গত ১৫ অক্টোবরের আমন্ত্রণ রাউন্ডে বিভিন্ন পেশার প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিজ্ঞানী, নির্মাণকর্মী, ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মী রয়েছেন। তবে সব পেশার জন্য একই পয়েন্টে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারি তালিকা অনুযায়ী, কোনো কোনো পেশায় ৬৫ পয়েন্ট থেকে শুরু করে কিছু ক্ষেত্রে ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হয়েছে।
এ ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ২০ হাজারের পরিসংখ্যানটি ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণের সংখ্যা। এটি চূড়ান্তভাবে ভিসা মঞ্জুরের সংখ্যা নয়। আমন্ত্রণ পাওয়ার পর প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। পাশাপাশি স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ অর্থবছরের মোট স্থায়ী অভিবাসন কর্মসূচিতে ১ লাখ ৮৫ হাজার জনের পরিকল্পিত বরাদ্দ রয়েছে। এর মধ্যে দক্ষ অভিবাসন কর্মসূচির জন্য রাখা হয়েছে ১ লাখ ৩২ হাজার ২৪০টি স্থান। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনশক্তি নিশ্চিত করা এবং দক্ষ কর্মী আকর্ষণ করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন কর্মসূচিতে বাংলাদেশি পেশাজীবীদের আবেদন করার সুযোগ থাকলেও যোগ্যতা ও পয়েন্টের শর্ত পূরণ করা গুরুত্বপূর্ণ। আবেদন করার আগে সংশ্লিষ্ট পেশার তালিকা, দক্ষতা মূল্যায়ন, ইংরেজি ভাষার যোগ্যতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
লেখক: আকিদুল ইসলাম, অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক ও সাংবাদিক




























