নিউইয়র্ক সিটি হলে দক্ষিণ এশীয় অভিবাসীদের ইতিহাস নিয়ে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনী
- প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ২০:৪৯
- / 19
নিউইয়র্ক (প্রজন্ম কথা): দক্ষিণ এশীয় অভিবাসীদের ইতিহাস, সংগ্রাম ও অর্জন তুলে ধরতে নিউইয়র্ক সিটি হলে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী ‘দ্য নিউইয়র্ক শাড়ি’। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও সিটি কাউন্সিল সদস্য শেখর কৃষনান। দক্ষিণ এশীয় সম্প্রদায়ের অবদান এবং বিশেষ করে নারীদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। সোমবার কাউন্সিল সদস্য শেখর কৃষনানের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে নিউইয়র্ক হিস্টোরিক্যালে প্রদর্শনীটি আয়োজন করা হয়েছিল। দক্ষিণ এশীয় নিউইয়র্কবাসীদের অবদান এবং তাঁদের জীবনের আড়ালে থাকা গল্পগুলো বৃহত্তর জনগোষ্ঠীর সামনে তুলে ধরার পরিকল্পনা থেকে এর যাত্রা শুরু। কাউন্সিল সদস্য শেখর কৃষনান জানান, তাঁর দুই বন্ধু এপিসেন্টার এনওয়াইসির সহপ্রতিষ্ঠাতা মিত্রা কলিতা এবং নিউইয়র্ক হিস্টোরিক্যালের লুইস মিরেরের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে প্রদর্শনীর ধারণাটি তৈরি হয়।
শুক্রবারের আয়োজনটি ছিল নিউইয়র্কের দক্ষিণ এশীয় অভিবাসী সম্প্রদায়ের অবদান স্মরণ এবং তাঁদের পথপ্রদর্শকদের সম্মান জানানোর উপলক্ষ। অনুষ্ঠানে শেখর কৃষনান অভিবাসীদের দীর্ঘ পথচলার নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন নীতির কারণে একসময় দক্ষিণ এশীয়দের অভিবাসন সীমিত করা হয়েছিল। এমনকি অনেকের নাগরিকত্বও কেড়ে নেওয়া হয়েছিল।
নাগরিকত্বের অধিকার ফিরে পাওয়ার পরও দক্ষিণ এশীয় অভিবাসীদের বৈষম্য, নেতিবাচক সামাজিক ধারণা, এশীয়বিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইতিহাসবিদ আনা ডানজিগার হ্যালপেরিন ও সালোনি ভামানের কিউরেশনে সাজানো প্রদর্শনীতে দক্ষিণ এশীয়দের সামগ্রিক অবদানের পাশাপাশি নারীদের ভূমিকা বিশেষ গুরুত্ব পেয়েছে। সিটি হলে প্রদর্শিত তিনটি শাড়ির মালিক তিন নারী। তাঁরা হলেন নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল সদস্য শাহানা হানিফ, মেয়র জোহরান মামদানির মা ও চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং শেখর কৃষনানের মা ড. ললিতা কৃষনান।
প্রদর্শনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে ড. ললিতা কৃষনানের অভিবাসন ও কর্মজীবনের সংগ্রাম। রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসা ললিতা কৃষনান কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। একটি অ্যান্টিবায়োটিক ব্যাপকভাবে উৎপাদনের উপযোগী ফর্মুলা তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন। সেখানে অন্য অতিথিদের পোশাক ছিল স্যুট ও বলগাউন।
শেখর কৃষনানের ভাষ্য অনুযায়ী, তাঁর মায়ের সেই উপস্থিতি বিজ্ঞান ও সংস্কৃতিতে দক্ষিণ এশীয় নারীদের অবদানের একটি তাৎপর্যপূর্ণ প্রকাশ। পোশাকের মাধ্যমে নিজের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার পাশাপাশি তিনি কর্মক্ষেত্রে দক্ষিণ এশীয় নারীদের সক্ষমতা ও অবদানের প্রতিনিধিত্ব করেছিলেন।
অনুষ্ঠানে নিজের নির্বাচনী প্রচারের সময়ের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন কৃষনান। তিনি জানান, এক বাংলাদেশি বাবা তাঁকে বলেছিলেন, স্কুলে গায়ের রঙের কারণে নিগ্রহের শিকার হওয়া তাঁর ছেলে কৃষনানের নির্বাচনী প্রচারের পোস্টার নিজের শোবার ঘরে টাঙিয়ে রেখেছে।
ওই শিশুটি পোস্টারের মাধ্যমে নিজের পরিচয় ও গায়ের রঙ নিয়ে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিল। তার কাছে কৃষনানের নির্বাচনে অংশগ্রহণ ছিল একটি অনুপ্রেরণা। শিশুটি বুঝতে চেয়েছিল, পারিবারিক পরিচয় কিংবা গায়ের রঙ কোনো মানুষের বড় কিছু অর্জনের পথে বাধা হতে পারে না।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম ভারতীয়-আমেরিকান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষনান। তিনি বলেন, শুরু থেকেই তাঁর বিশ্বাস ছিল, ব্যক্তিগত অর্জনের সঙ্গে পুরো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ও অগ্রগতির বিষয়টি যুক্ত থাকতে হবে।
কাউন্সিল সদস্য হিসেবে নিজের মেয়াদে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে উবার ও লিফট চালকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন, অভিবাসনসংক্রান্ত জটিলতা থেকে পথবিক্রেতাদের সুরক্ষা দিতে ফুটপাতে খাবার বিক্রিকে অপরাধমুক্ত করার উদ্যোগ এবং নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে দীপাবলির ছুটি চালু করা।

দক্ষিণ এশীয় অভিবাসীদের একটি বড় অংশের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ট্যাক্সি শিল্পে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের কথাও স্মরণ করেন কৃষনান। এ বিষয়ে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের সঙ্গে কাজ করার সময় মেয়র জোহরান মামদানির সঙ্গে একবার গ্রেপ্তার হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।
কৃষনানের মতে, ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ কয়েকটি পোশাকের প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে দক্ষিণ এশীয় অভিবাসীদের সম্মিলিত ইতিহাস, ত্যাগ ও জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। তাঁর মায়ের অভিবাসনের অভিজ্ঞতা থেকে শুরু করে জ্যাকসন হাইটসের ট্যাক্সিচালকদের জীবন, সবই এই ইতিহাসের অংশ।
নতুন প্রজন্মের কাছে আগের প্রজন্মের সংগ্রাম, ত্যাগ ও অবদান পৌঁছে দেওয়ার পাশাপাশি সেগুলোর যথাযথ স্বীকৃতি নিশ্চিত করাও প্রদর্শনীর অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকা নিয়ে গঠিত সিটি কাউন্সিলের ২৫ নম্বর ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন শেখর কৃষনান। তাঁর কার্যালয় জ্যাকসন হাইটসের ৩৭-৩২, ৭৫তম স্ট্রিটে অবস্থিত।





























