মলদোভার প্রধানমন্ত্রী মুনটেনুর পদত্যাগ, ভেঙে গেল মন্ত্রিসভা
- প্রকাশঃ ০৩ জুলাই ২০২৬, ২১:২১
- / 4
পূর্ব ইউরোপের দেশ মলদোভায় নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আলেকসান্দ্রু মুনটেনু আকস্মিকভাবে পদত্যাগ করায় তার নেতৃত্বাধীন মন্ত্রিসভাও ভেঙে গেছে। শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ৬২ বছর বয়সী আলেকসান্দ্রু মুনটেনু প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে নিজের নীতি ও বিশ্বাস অনুযায়ী দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে তিনি মনে করছেন। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য “জটিল সময়” হিসেবে উল্লেখ করে মুনটেনুর নেতৃত্ব ও দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে প্রেসিডেন্ট সান্দু বলেন, তিনি সরকারের পক্ষ থেকে আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রত্যাশা করেছিলেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, প্রধানমন্ত্রীর কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে এমন দাবি সঠিক নয়।
মুনটেনুর কাজে বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন কিন্তু তাকে তা করতে দেওয়া হয়নি—এমন জল্পনা ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী, সরকার পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন।
প্রেসিডেন্ট আরও জানান, খুব শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। এর আগে বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আলেকসান্দ্রু মুনটেনু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।











