আমেরিকায় পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ পেলেন কক্সবাজারের নুদরাত ফারিহা ঐশী
- প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫১
- / 3
কক্সবাজার, ১৭ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – কক্সবাজারের কুতুবদিয়ার নুদরাত ফারিহা ঐশী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টে পাঁচ বছর মেয়াদি পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও ডক্টরেট গবেষণার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগে এই গবেষণার সুযোগ পেয়েছেন তিনি।
কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নের এই তরুণ গবেষকের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার এই অর্জন পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। প্রত্যন্ত দ্বীপ উপজেলা থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে ডক্টরেট গবেষণার সুযোগ পাওয়াকে তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
নুদরাত ফারিহা ঐশী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।
উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ব্রিজপোর্ট থেকে বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখানে পড়াশোনার সময় প্রাতিষ্ঠানিক গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন।
ডক্টরেট পর্যায়ে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশনেও ভালো ফল করেন। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন। দীর্ঘ প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার পর ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট থেকে পূর্ণ অর্থায়নে ডক্টরেট গবেষণার সুযোগ পান তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা, গবেষণার সক্ষমতা এবং নির্দিষ্ট গবেষণা পরিকল্পনা বিবেচনা করে এই সুযোগ দিয়েছে বলে তাঁর পরিবার জানিয়েছে।
নুদরাত ফারিহা ঐশী কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল আহমেদের নাতনী। তাঁর বাবা জাফর আহমেদ একজন ব্যাংকার এবং মা লাভলী আক্তার গৃহিণী। পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশ তাঁর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার এই সুযোগকে ফারিহা ঐশী ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তাঁর লক্ষ্য, ডক্টরেট গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান, তথ্যনির্ভর গবেষণার অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা ভবিষ্যতে দেশের কাজে লাগানো।
বিশেষ করে বাংলাদেশের পর্যটন শিল্প, হসপিটালিটি ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নে গবেষণার মাধ্যমে অবদান রাখার আগ্রহ রয়েছে তাঁর। বিদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে অবদান রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
কুতুবদিয়া থেকে ঢাকার শিক্ষাঙ্গন, এরপর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা এবং এবার ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টে পূর্ণ অর্থায়নে ডক্টরেট গবেষণার সুযোগ, নুদরাত ফারিহা ঐশীর শিক্ষাজীবনের এই ধারাবাহিকতা আন্তর্জাতিক উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি উদাহরণ হয়ে উঠেছে।




























