নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে তৃতীয়বারের মতো দীপাবলি উদ্যাপন, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা
- প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৯
- / 15
নিউইয়র্ক, ১০ নভেম্বর (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক ‘দীপাবলি ঐতিহ্য ও সাংস্কৃতিক উদ্যাপন ২০২৬’। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলমসহ সংগঠনটির নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে ক্যাপ্টেন প্রিন্স আলমের সঙ্গে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারওয়ার। এ ছাড়া সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যরাও এতে যোগ দেন।
নিউইয়র্কের ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দীপাবলির নানা দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ আয়োজনের সহযোগী সংগঠন হিসেবে ছিল নিউইয়র্ক পুলিশ বিভাগের দেশি সোসাইটি, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অফিসার্স সোসাইটি এবং হিন্দু অফিসার্স সোসাইটি।

নিউইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাভিত্তিক সংগঠন বিভাগের বহুজাতিক পরিচয় ও বৈচিত্র্য তুলে ধরতে কাজ করে। এসব সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে পরিচিতি, পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার সুযোগ তৈরি করে।



























