যুক্তরাজ্যে দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ, মর্ডান স্লেভারির শিকার হলে বদলানো যাবে ভিসা
- প্রকাশঃ ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭
- / 13
লন্ডন, ২১ আগস্ট, (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসায় থাকা কোনো ব্যক্তি কর্মক্ষেত্রে হিউম্যান ট্রাফিকিং বা মর্ডান স্লেভারির শিকার হলে, নির্দিষ্ট শর্তে তার বর্তমান ভিসার ধরন পরিবর্তন করে বিশেষ ব্যবস্থায় যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে বলে স্বীকার করেছে দেশটির হোম অফিস।
বিষয়টি সামনে এসেছে দুই স্কিল্ড ওয়ার্কার ভিসাধারীর আইনি লড়াইয়ের পর। তারা যুক্তরাজ্যে কাজ করার সময় জোরপূর্বক শ্রমের শিকার হন। পরে হোম অফিস তাদের দুজনকেই মর্ডান স্লেভারির শিকার হিসেবে স্বীকৃতি দেয়।
তবে বৈধ স্কিল্ড ওয়ার্কার ভিসা থাকায় শুরুতে তাদের বিশেষ ব্যবস্থায় থাকার অনুমতি দেওয়া হয়নি। এর ফলে যে কর্মসংস্থানের ভিত্তিতে তারা যুক্তরাজ্যে থাকার অনুমতি পেয়েছিলেন, সেই চাকরির সময় শোষণের শিকার হওয়ার পরও তাদের অভিবাসন অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়।
আদালতে চ্যালেঞ্জের পর অবস্থান বদল
দুই ব্যক্তি হোম অফিসের এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেন। মামলার পর হোম অফিস তাদের অবস্থান পরিবর্তন করে স্বীকার করে, যুক্তরাজ্যে বৈধভাবে অবস্থানরত কোনো ব্যক্তির প্রয়োজন হলে বর্তমান থাকার অনুমতির ধরন পরিবর্তন করে হিউম্যান ট্রাফিকিং বা মর্ডান স্লেভারির শিকারদের জন্য নির্ধারিত বিশেষ ব্যবস্থায় থাকার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করার ক্ষমতা রয়েছে।
মানবপাচার বা আধুনিক দাসত্বের শিকার ব্যক্তিদের জন্য এই বিশেষ থাকার অনুমতিকে ভিকটিমস অব ট্রাফিকিং সারভাইভারস লিভ বা সংক্ষেপে ভিটিএস লিভ বলা হয়।
দুই স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে কী ঘটেছিল
মামলার আবেদনকারীদের পরিচয় গোপন রাখতে পিএস ও অন্য একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা দুজনই স্পনসর করা চাকরিতে স্কিল্ড ওয়ার্কার হিসেবে যুক্তরাজ্যে কাজ করছিলেন।
চাকরির সময় তারা জোরপূর্বক শ্রমের শিকার হন। পরে হোম অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের মর্ডান স্লেভারির শিকার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
কিন্তু তাদের বৈধ স্কিল্ড ওয়ার্কার ভিসা থাকায় প্রথমে বিশেষ ব্যবস্থায় থাকার অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়। আইনি চ্যালেঞ্জের পর হোম অফিস এখন স্বীকার করেছে, প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের বর্তমান ভিসার ধরন পরিবর্তন করে ভিটিএস লিভের আবেদন বিবেচনা করা সম্ভব।
সবার জন্য স্বয়ংক্রিয় সুযোগ নয়
এই সিদ্ধান্তের অর্থ মর্ডান স্লেভারির শিকার প্রত্যেক স্কিল্ড ওয়ার্কার স্বয়ংক্রিয়ভাবে বিশেষ থাকার অনুমতি পাবেন, এমন নয়। আবেদনকারীকে সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ করতে হবে এবং তার পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এই অবস্থান পরিবর্তনের ফলে যুক্তরাজ্যে চাকরির জন্য আসা এমন স্কিল্ড ওয়ার্কারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি পথ স্পষ্ট হয়েছে, যারা কর্মক্ষেত্রেই হিউম্যান ট্রাফিকিং, জোরপূর্বক শ্রম বা মর্ডান স্লেভারির শিকার হয়েছেন।
সূত্র: ফ্রি মুভমেন্ট




























