লন্ডনে বাস ও ট্রামের ভাড়া বাড়ছে নভেম্বর থেকে, একক যাত্রায় খরচ ১.৮৫ পাউন্ড
- প্রকাশঃ ১৯ অক্টোবর ২০২৬, ১৩:৩৮
- / 9
লন্ডন, ১৯ অক্টোবর, (প্রজন্ম কথা): যুক্তরাজ্যের লন্ডনে বাস ও ট্রামের একক যাত্রার ভাড়া ১ নভেম্বর থেকে ১০ পেন্স বাড়িয়ে ১.৮৫ পাউন্ড নির্ধারণ করা হচ্ছে। পরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) জানিয়েছে, নতুন ভাড়ার পাশাপাশি বাস ও ট্রামের দৈনিক সর্বোচ্চ ভাড়ার সীমাও বাড়ানো হবে।
নতুন নিয়মে বাস ও ট্রামের দৈনিক সর্বোচ্চ ভাড়ার সীমা ৩০ পেন্স বেড়ে ৫.৫৫ পাউন্ড হবে। তবে একবার ভাড়া দিয়ে এক ঘণ্টার মধ্যে একাধিক বাস ও ট্রামে যাতায়াতের সুযোগ দেওয়া ‘হপার ফেয়ার’ সুবিধা বহাল থাকবে।
বিশেষ ছাড়ের কার্ড ব্যবহারকারীদের ভাড়াও ৫ পেন্স বাড়বে। আগামী ১ নভেম্বর থেকে এসব পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে টিএফএল।
তবে ভূগর্ভস্থ ট্রেন বা টিউব, রেল এবং ট্রাভেলকার্ডের সর্বোচ্চ ভাড়ার সীমা আগামী বছরের মার্চ পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
২০২৩ সালের পর প্রথম ভাড়া বৃদ্ধি
২০২৩ সালের মার্চের পর এই প্রথম লন্ডনের বাস ও ট্রামের ভাড়া বাড়ানো হচ্ছে। এর আগে লন্ডনের মেয়র স্যার সাদিক খান ভাড়া স্থগিত রাখার মেয়াদ জুলাই থেকে বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করেছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ায় এবার নতুন ভাড়া কার্যকর হচ্ছে।
টিএফএল সে সময় ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্তকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে থাকা লন্ডনের স্বল্প আয়ের মানুষদের সহায়তায় জরুরি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিল। সংস্থাটির হিসাবে, গত ১০ বছরে বাস ও ট্রামের ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার এটি ছিল সপ্তম উদ্যোগ।
ভাড়া স্থগিত রাখার সময় মেয়র সাদিক খান বলেছিলেন, লন্ডনের গণপরিবহনকে যতটা সম্ভব সাশ্রয়ী রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ এখনো অনেক লন্ডনবাসীর ওপর গুরুতর প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেছিলেন তিনি।
টিএফএল জানিয়েছে, নভেম্বরের ১০ পেন্স বৃদ্ধির পর লন্ডনের বাস ও ট্রামের একক যাত্রার ভাড়া ১০ বছর আগের তুলনায় মোট ৩৫ পেন্স বেশি হবে।
লন্ডনে বাসের ব্যবহার সবচেয়ে বেশি
লন্ডনের গণপরিবহন ব্যবস্থায় বাস সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। টিএফএলের তথ্য অনুযায়ী, একটি সাধারণ দিনে শহরটিতে বাসে ৫০ লাখের বেশি যাত্রা সম্পন্ন হয়। ফলে নতুন ভাড়ার পরিবর্তন নিয়মিত বাসযাত্রীদের যাতায়াত ব্যয়ে প্রভাব ফেলবে।

























