কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
- প্রকাশঃ ০৪ নভেম্বর ২০২৬, ১৫:১২
- / 6
ঢাকা, ৪ নভেম্বর (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে গেটস ক্যামব্রিজ স্কলারশিপ। এ বৃত্তির আওতায় পিএইচডি, এমএসসি, এমএলিট ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা, যাতায়াত খরচসহ বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি গবেষণা, সম্মেলনে অংশগ্রহণ এবং পারিবারিক প্রয়োজনেও নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠান ও বৃত্তির বিবরণ
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এ বৃত্তি দেওয়া হয়। এর নাম গেটস ক্যামব্রিজ স্কলারশিপ। পিএইচডি, এমএসসি, এমএলিট এবং এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এ বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহীদের কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলো হলো:
-
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
-
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
-
অসাধারণ মেধা ও গবেষণার সক্ষমতা থাকতে হবে।
-
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
-
নির্বাচিত প্রোগ্রামে পড়ার আগ্রহ ও উদ্দেশ্য আবেদনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
-
নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা ও সক্ষমতা থাকতে হবে।
বৃত্তির আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে
গেটস ক্যামব্রিজ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা। এর মধ্যে উল্লেখযোগ্য:
1. বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে।
2. পিএইচডি শিক্ষার্থীদের বছরে ২৩ হাজার ১৫২ পাউন্ড রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হবে। এ সুবিধা সর্বোচ্চ চার বছর পর্যন্ত পাওয়া যাবে।
3. যাওয়া-আসার বিমানভাড়া দেওয়া হবে।
4. ভিসা ও অভিবাসনসংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষার খরচ বহন করা হবে।
5. বিভিন্ন সম্মেলন ও প্রশিক্ষণমূলক কোর্সে অংশগ্রহণের জন্য কোর্সের মেয়াদ অনুযায়ী ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
6. পারিবারিক ভাতা হিসেবে প্রথম সন্তানের জন্য ১২ হাজার ৭৯৩ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ১৮ হাজার ২৪৪ পাউন্ড দেওয়া হবে।
7. পিএইচডি গবেষণার অংশ হিসেবে মাঠপর্যায়ে কাজের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ দেওয়া হবে।
8. মাতৃত্ব ও পিতৃত্বকালীন সহায়তা পাওয়া যাবে।
9. অপ্রত্যাশিত আর্থিক সমস্যার ক্ষেত্রে বিশেষ তহবিল থেকে সহায়তার ব্যবস্থা রয়েছে।
তবে এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের জীবনসঙ্গীর জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে না।
আবেদনপ্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে প্রোগ্রামভেদে আবেদনের শেষ সময় আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের সময়সীমা ও প্রয়োজনীয় শর্ত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃত্তির বিস্তারিত তথ্য, যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা জানতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গেটস ক্যামব্রিজ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।























