নিউইয়র্কের গ্রিনপয়েন্টে ৭৫১ ডলার থেকে বাসাভাড়া, ২১৭টি সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের লটারি
- প্রকাশঃ ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৪
- / 3
নিউইয়র্ক, ৪ নভেম্বর (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের গ্রিনপয়েন্ট এলাকায় স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য ২১৭টি সাশ্রয়ী আবাসনের লটারি চালু হয়েছে। নতুন নির্মিত ১৮ তলা আবাসিক ভবনটিতে মাসে সর্বনিম্ন ৭৫১ ডলার ভাড়ায় এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
ব্রুকলিনের ৮৯ মাসপেথ অ্যাভিনিউতে অবস্থিত ভবনটিতে একক কক্ষ থেকে শুরু করে তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট রয়েছে। পরিবারের সদস্যসংখ্যা, বার্ষিক আয় ও সম্পদের সীমার ভিত্তিতে আবেদনকারীরা বিভিন্ন শ্রেণির আবাসনের জন্য বিবেচিত হবেন।
নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, এক শয়নকক্ষের বাসার সর্বনিম্ন মাসিক ভাড়া ৭৫১ ডলার, দুই শয়নকক্ষের ৮৮৯ ডলার এবং তিন শয়নকক্ষের ১ হাজার ১৫ ডলার। স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া শুরু ৮৪৬ ডলার থেকে।
তবে আয়ের শ্রেণি অনুযায়ী একই ধরনের অ্যাপার্টমেন্টের ভাড়া ভিন্ন। প্রকাশিত তালিকায় স্টুডিওর ভাড়া ৮৪৬ থেকে ১ হাজার ১০১ ডলার, এক শয়নকক্ষের ৭৫১ থেকে ১ হাজার ৩৮৮ ডলার এবং দুই শয়নকক্ষের ৮৮৯ থেকে ১ হাজার ৬৫৩ ডলার নির্ধারণ করা হয়েছে। তিন শয়নকক্ষের বাসার ভাড়া ১ হাজার ১৫ থেকে ১ হাজার ৪৫৬ ডলারের মধ্যে।
আবাসনের জন্য আবেদন করতে পারবেন নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকা পরিবারগুলো। বার্ষিক আয়, পরিবারের সদস্যসংখ্যা এবং সম্পদের সর্বোচ্চ সীমা বিবেচনায় আবেদন গ্রহণ করা হবে। বিভিন্ন শ্রেণিতে পরিবারের বার্ষিক আয়ের সীমা ২৯ হাজার ৪১৮ থেকে ৯১ হাজার ৬০০ ডলার পর্যন্ত। সম্পদের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৮৮০, ৬৭ হাজার ৮৪০ এবং ৮৪ হাজার ৮০০ ডলার।
ভবনটির ২০ শতাংশ অ্যাপার্টমেন্ট ব্রুকলিনের কমিউনিটি ডিস্ট্রিক্ট ১-এর বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে বরাদ্দ করা হবে। এ ছাড়া নিউইয়র্কের এলাকার মধ্যম আয়ের ৩০, ৪০, ৫০, ৬০ ও ৮০ শতাংশ পর্যন্ত আয় রয়েছে, এমন পরিবারের জন্য বিভিন্ন শ্রেণির বাসা রাখা হয়েছে।
আবাসিক ভবনটিতে ব্যায়ামাগার, অ্যাপার্টমেন্টের ভেতরে বাসন পরিষ্কারের যন্ত্র এবং যৌথ ব্যবহারের জন্য কাপড় ধোয়ার কক্ষ থাকবে। ভাড়ার সঙ্গে গরম, শীতাতপ নিয়ন্ত্রণ ও গরম পানির খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে বিদ্যুৎ বিল ভাড়াটেদের নিজস্বভাবে পরিশোধ করতে হবে।
পুরোনো হাসপাতাল এলাকায় আবাসন প্রকল্প
গ্রিনপয়েন্ট হাসপাতালের সাবেক ক্যাম্পাস পুনর্নির্মাণের চার ধাপের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ এই ১৮ তলা ভবন। পুরো প্রকল্প শেষ হলে এলাকায় পরিবার ও প্রবীণদের জন্য মোট ৫৫৭টি সাশ্রয়ী আবাসন তৈরি হওয়ার কথা রয়েছে।
প্রকল্পের প্রথম পর্যায়ে গত মার্চে ওই এলাকায় ২০০ শয্যার বারবারা ক্লেইনম্যান পুরুষ আশ্রয়কেন্দ্র চালু হয়েছে। তবে প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের কাজ বিলম্বিত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম ব্রাউনস্টোন জানিয়েছে।
সাবেক হাসপাতাল এলাকায় ৮৯ মাসপেথ অ্যাভিনিউ ও ৩০০ স্কিলম্যান স্ট্রিটে নির্মাণাধীন ভবনটিতে মোট ৩১১টি স্টুডিও, এক, দুই ও তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯৩টি বাসা গৃহহীনতা থেকে পুনর্বাসিত ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে। চলমান লটারিতে থাকা ২১৭টি অ্যাপার্টমেন্ট এই ৩১১টি বাসার অংশ। ভবনটির নির্মাণকাজ ২০২৭ সালের শুরুর দিকে শেষ হওয়ার কথা।
আগ্রহীরা নিউইয়র্ক সিটির আবাসনবিষয়ক অনলাইন পোর্টাল এনওয়াইসি হাউজিং কানেক্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন, যোগ্যতা ও বাসার বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬।























