৬৪ বছর পর বন্ধ হলো যুক্তরাষ্ট্রের প্রথম যুগ্ম পর্দার সিনেমা হল, ৪১ মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে ভবন
- প্রকাশঃ ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭
- / 4
নিউইয়র্ক, ৬ নভেম্বর (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের প্রথম যুগ্ম পর্দার সিনেমা হল হিসেবে পরিচিত নিউইয়র্কের আপার ইস্ট সাইডের ‘সিনেমা ১২৩’ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। ১৯৬২ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহটি ৬৪ বছর পর গত ৩০ অক্টোবর থেকে কার্যক্রম বন্ধ করে দেয়। একই সময়ে প্রেক্ষাগৃহটির ভবন ৪ কোটি ১০ লাখ ডলারে বিক্রির চুক্তিও সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে মালিকপক্ষ।
নিউইয়র্কের থার্ড অ্যাভিনিউয়ে ইস্ট ৫৯ ও ইস্ট ৬০ স্ট্রিটের মাঝামাঝি ১০০১ থার্ড অ্যাভিনিউ ঠিকানায় অবস্থিত প্রেক্ষাগৃহটির শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। পরদিন থেকেই বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। বিদায়ী বিজ্ঞপ্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্তৃপক্ষ লিখেছে, ‘আমাদের শেষ প্রদর্শনীর পর্দা নামার সঙ্গে সঙ্গে আমাদের গল্পের অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’
১৯৬২ সালে ‘সিনেমা আই অ্যান্ড টু’ নামে যাত্রা শুরু করে প্রেক্ষাগৃহটি। যুক্তরাষ্ট্রের প্রথম দুই পর্দার সিনেমা হল হিসেবে পরিচিতি পাওয়া এই প্রতিষ্ঠানটির ইতিহাস তুলে ধরেছে স্থানীয় সংবাদমাধ্যম সিক্সস্কয়ারফিট। আশির দশকে এতে তৃতীয় একটি পর্দা যুক্ত হয়। পরে এর নাম হয় ‘সিনেমা ১২৩’।
দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে এখানে স্বাধীন ধারার চলচ্চিত্র, বিদেশি সিনেমা এবং মূলধারার বাণিজ্যিক ছবি প্রদর্শিত হয়েছে। নিউইয়র্কের আপার ইস্ট সাইডের বাসিন্দাদের কাছে এটি ছিল পরিচিত বিনোদনকেন্দ্র। বিশেষ করে ব্লুমিংডেলস বিপণিবিতানের বিপরীতে অবস্থান হওয়ায় স্থানীয়দের কাছে প্রেক্ষাগৃহটির আলাদা গুরুত্ব ছিল।
প্রেক্ষাগৃহটির মালিক প্রতিষ্ঠান রিডিং ইন্টারন্যাশনাল, যা অ্যাঞ্জেলিকা সিনেমা নেটওয়ার্কের মূল কোম্পানি। গত বছর প্রতিষ্ঠানটি সিনেমা ১২৩-এর অবশিষ্ট মালিকানা কিনে নিয়ে এর একক মালিক হয়। এরপর চলতি বছরের এপ্রিলে ভবনটি প্রায় ৫ কোটি ডলারে বিক্রির জন্য বাজারে তোলা হয়।
গত সেপ্টেম্বরে ১০০১ থার্ড অ্যাভিনিউ এলএলসি নামের একটি প্রতিষ্ঠানের কাছে ৪ কোটি ১০ লাখ ডলারে ভবনটি বিক্রির চুক্তি করে রিডিং ইন্টারন্যাশনাল। মার্কেটওয়াচের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল, ৩০ অক্টোবরের কাছাকাছি সময়ে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবন বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে ঋণের সুদ বাবদ ব্যয় কমানো এবং নগদ অর্থের জোগান বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল তারা।
তবে ভবনটিতে ভবিষ্যতে কী ধরনের স্থাপনা নির্মাণ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। ক্রেইনসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রির প্রচারপত্রে ব্লুমিংডেলসের বিপরীতে ভবনটির অবস্থান এবং সেখানে আবাসিক ও বাণিজ্যিক সুবিধাসম্পন্ন বিলাসবহুল বহুতল ভবন নির্মাণের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছিল। তবে ক্রেতাপক্ষ এখনো তাদের পরিকল্পনা প্রকাশ করেনি।
এদিকে ম্যানহাটনের আরেকটি প্রেক্ষাগৃহ এএমসি কিপস বে ১৫-ও আগামী ৩ জানুয়ারি বন্ধ হওয়ার কথা রয়েছে। ভবনটির ইজারার মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন ভবনটি কিনে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা করায় প্রেক্ষাগৃহটি বন্ধ হচ্ছে। এটি চালু রাখার দাবিতে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়েছেন। তবে এএমসির প্রধান নির্বাহী অ্যাডাম অ্যারন জানিয়েছেন, ছোট পরিসরে প্রেক্ষাগৃহ চালুর প্রস্তাবসহ বিভিন্ন বিকল্প দেওয়া হলেও সেগুলো গ্রহণ করা হয়নি।
সিনেমা ১২৩ বন্ধ হওয়ায় আপার ইস্ট সাইডের দর্শকদের এখন অ্যাঞ্জেলিকার ম্যানহাটনের অন্য দুটি প্রেক্ষাগৃহে যেতে হবে। এগুলো হলো ওয়েস্ট হিউস্টন স্ট্রিটের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার এবং সেকেন্ড অ্যাভিনিউয়ের ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা। তবে দুটি প্রেক্ষাগৃহই শহরের ডাউনটাউন এলাকায় অবস্থিত।



























