যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত
- প্রকাশঃ ১২ নভেম্বর ২০২৬, ১১:১৩
- / 6
ঢাকা, ১১ নভেম্বর (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যে সম্পূর্ণ অর্থায়নে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য ১০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বিনা আবেদন ফিতে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।
এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি, যুক্তরাজ্যে যাওয়া ও দেশে ফেরার বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার খরচ দেওয়া হবে। যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এ তথ্য জানিয়েছে।
২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে এ শিক্ষাবর্ষের পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে। সাধারণত ১২ মাস মেয়াদি এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স করার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
মাসে সর্বোচ্চ ২ হাজার পাউন্ড ভাতা
বৃত্তির আওতায় শিক্ষার্থীদের মাসিক জীবনযাত্রার ব্যয় মেটাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। বর্তমানে নির্ধারিত হার অনুযায়ী, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড পাবেন।
তবে লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মাসিক ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এ ভাতার পরিমাণ পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাতায়াতের অনুমোদিত বিমানভাড়াও বৃত্তির আওতায় বহন করা হবে। অর্থাৎ, নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার খরচের পাশাপাশি যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নিয়েও আলাদা অর্থের ব্যবস্থা করতে হবে না।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশি নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।
কোন কোন বিশ্ববিদ্যালয় এবং মাস্টার্স কোর্স এ কর্মসূচির আওতায় রয়েছে, তার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদন করার আগে আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও পছন্দের কোর্সের যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময় ও পদ্ধতি
২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ১০টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। এ বৃত্তির জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।
আগ্রহী শিক্ষার্থীরা কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ওয়েবসাইটে বৃত্তির বিস্তারিত শর্ত, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, অনুমোদিত কোর্স এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। আবেদনও করতে হবে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে।


























