যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ভিসা জটিলতা, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের নতুন গন্তব্য এশিয়া ও ইউরোপ
- প্রকাশঃ ১২ নভেম্বর ২০২৬, ২০:৫৫
- / 8
১৩ নভেম্বর (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার নিয়ম কঠোর হওয়ায় উচ্চশিক্ষার জন্য বিকল্প গন্তব্য খুঁজছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এশিয়া ও ইউরোপের মূল ভূখণ্ডের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাঁদের আগ্রহ বাড়ছে। বিপরীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি কানাডা ও অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রবণতা কমেছে। ৬৩টি দেশের ৪৩৭টি বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত এক বৈশ্বিক জরিপে এ চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার প্রকাশিত জরিপের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জরিপে দেখা গেছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় যুক্তরাজ্যে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে ১৯ শতাংশ। যুক্তরাষ্ট্রে এই হার কমেছে ১৩ শতাংশ।
জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে নেদারল্যান্ডসভিত্তিক শিক্ষার্থী নিয়োগ প্ল্যাটফর্ম স্টাডিপোর্টালস, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান নাফসা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পরিচালিত অক্সফোর্ড টেস্ট অব ইংলিশ।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত স্থানীয় শিক্ষার্থীদের তুলনায় বেশি টিউশন ফি দিয়ে থাকেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় একটি অংশ আসে তাঁদের কাছ থেকে। এই অর্থ শিক্ষাদান ও গবেষণার ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আর্থিক চাপের মুখে পড়তে পারে।
ভিসা ও সরকারি নীতিই বড় বাধা
জরিপে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে ভিসার বিধিনিষেধ ও সরকারি নীতিমালা। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, কঠোর যাচাই-বাছাই এবং পড়াশোনা শেষে কাজের সুযোগসংক্রান্ত নিয়মে পরিবর্তনের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। কেউ কেউ আবার বিদেশে পড়াশোনার পরিকল্পনা পুরোপুরি বাদ দিচ্ছেন।
ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির এক-তৃতীয়াংশের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আশঙ্কা করছে, আগামী বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি আরও কমতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমার প্রবণতা দেখা যাচ্ছে। প্রশাসন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাইয়ের পরিধি বাড়িয়েছে, হাজারো ভিসা বাতিল করেছে এবং দেশটিতে তাঁদের অবস্থানের সময়সীমা নিয়েও নিয়ম কঠোর করেছে।
জরিপটি পরিচালিত হয়েছিল ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পায় ডেমোক্র্যাটরা। তবে ভিসানীতির বিষয়ে নির্বাহী ক্ষমতা এখনো প্রেসিডেন্টের হাতে রয়েছে।
যুক্তরাজ্যেও কঠোর হচ্ছে ভিসানীতি
অভিবাসন কমানোর লক্ষ্যে যুক্তরাজ্যেও ধারাবাহিকভাবে শিক্ষার্থী ভিসার নিয়ম কঠোর করেছে সরকার। এর অংশ হিসেবে অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে।
এ ছাড়া পড়াশোনা শেষে স্নাতকদের কাজ করা কিংবা চাকরি খোঁজার জন্য দেশটিতে থাকার সময়সীমা কমানোর পরিকল্পনাও রয়েছে। এসব পরিবর্তনের কারণে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাজ্যের আকর্ষণ কমছে বলে জরিপের ফলাফলে ইঙ্গিত পাওয়া গেছে।
নাফসার নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফান্তা আও বলেন, ‘এই জরিপের ফল আমাদের আগের পর্যবেক্ষণকেই সমর্থন করে। কোথায় পড়াশোনা করবেন, গবেষণা করবেন কিংবা কর্মজীবন শুরু করবেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বিভিন্ন দেশের জাতীয় নীতিমালা অনেক গুরুত্ব বহন করে।’
জরিপের ফল অনুযায়ী, ভিসা ও অভিবাসন নীতির পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গন্তব্য নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দীর্ঘদিনের জনপ্রিয় গন্তব্যের বাইরে এশিয়া ও ইউরোপের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।


























