ছয় খুনের পর ২৮ দিনের আতঙ্ক, যেভাবে ‘ভুতুড়ে বাড়ি’র কিংবদন্তি হয়ে উঠল অ্যামিটিভিল
- প্রকাশঃ ১৫ নভেম্বর ২০২৬, ১৮:১৬
- / 82
নিউইয়র্ক, ১৫ নভেম্বর, (প্রজন্ম কথা) – ১৯৭৪ সালের ১৩ নভেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ডের অ্যামিটিভিলের একটি বাড়িতে একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী ও তাঁদের চার সন্তান। হত্যাকাণ্ডে দণ্ডিত হন পরিবারেরই বড় ছেলে রোনাল্ড ডিফিও জুনিয়র। ঘটনার প্রায় এক বছর পর বাড়িটি কিনে সেখানে বসবাস শুরু করেন জর্জ ও ক্যাথলিন লুটজ দম্পতি। তাঁদের দাবি, বাড়িতে ওঠার পর ২৮ দিন ধরে তাঁরা নানা অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা নিয়ে বই ও চলচ্চিত্র তৈরি হওয়ার পর বাড়িটি পরিচিতি পায় ‘অ্যামিটিভিল হরর’ নামে। তবে কথিত অতিপ্রাকৃত ঘটনাগুলোর সত্যতা নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডের ছোট্ট গ্রাম অ্যামিটিভিল। সেখানকার ১১২ ওশান অ্যাভিনিউর তিনতলা বাড়িটিতে ১৯৭৪ সালের ১৩ নভেম্বর ভোরে ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড। বাড়িটির বাইরে তখন ঝুলছিল ‘হাই হোপস’ লেখা একটি সাইনবোর্ড। ভেতরে নিজ নিজ বিছানায় ঘুমিয়ে ছিলেন পরিবারের ছয় সদস্য।
সন্ধ্যায় বাড়িটি থেকে উদ্ধার করা হয় ছয়জনের মরদেহ। তাঁরা হলেন রোনাল্ড ডিফিও সিনিয়র, তাঁর স্ত্রী লুইস এবং তাঁদের চার সন্তান ডন, অ্যালিসন, মার্ক ও জন। হত্যাকাণ্ডের সময় তাঁদের বয়স ছিল যথাক্রমে ৪৩, ৪২, ১৮, ১৩, ১২ ও ৯ বছর।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। তবে তদন্তের একপর্যায়ে সবচেয়ে বড় সন্দেহ গিয়ে পড়ে পরিবারেরই জীবিত সদস্য রোনাল্ড ডিফিও জুনিয়রের ওপর। তখন তাঁর বয়স ছিল ২৩ বছর।
হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় রোনাল্ড ডিফিও জুনিয়র স্থানীয় একটি পানশালায় যান। সেখানে বন্ধুদের জানান, তাঁর মা-বাবাকে গুলি করা হয়েছে। কথাটি শুনে বন্ধুরা বিস্মিত হন। তাঁরা ডিফিওর সঙ্গে বাড়িতে যান। সেখানে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখে তাঁদের একজন পুলিশকে ফোন করেন।
পরদিন ১৪ নভেম্বর লং আইল্যান্ডের সংবাদপত্র নিউজডে প্রথম পাতায় হত্যাকাণ্ডের খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, পরিবারের ছয় সদস্যকে তাঁদের শোবার ঘরে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যে প্রত্যেকের পিঠে একটি করে গুলির ক্ষত থাকার কথা জানানো হয়।
তদন্তের শুরুতে হত্যার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছিল না পুলিশ। আশপাশের কেউ গুলির শব্দ শোনেননি। বাড়ির ভেতরেও বড় ধরনের ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি।
প্রথমে ডিফিও দাবি করেন, মাফিয়ারা তাঁর পরিবারকে হত্যা করেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসংগতি দেখা দেয়। ১৫ নভেম্বর নিউজডে জানায়, ছয়টি হত্যার ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিফিও হত্যার কথা স্বীকার করেন।
তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল পয়েন্ট ৩৫ ক্যালিবারের একটি মার্লিন রাইফেল। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁদের গুলি করা হয়। হত্যার পর অস্ত্রটি সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন ডিফিও।
তবে হত্যার কারণ নিয়ে তাঁর বক্তব্য বিভিন্ন সময়ে বদলেছে। কখনো পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের কথা বলেছেন, আবার কখনো দাবি করেছেন, অদৃশ্য কণ্ঠস্বর তাঁকে হত্যার নির্দেশ দিয়েছিল।
১৯৭৫ সালের অক্টোবরে শুরু হয় ডিফিওর বিচার। তাঁর আইনজীবী মানসিক অসুস্থতার যুক্তিতে দায়মুক্তির চেষ্টা করেন। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। একই বছরের ২২ নভেম্বর ছয়টি হত্যার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি হত্যার জন্য তাঁকে ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
হত্যাকাণ্ডের পর বাড়িটি দীর্ঘ সময় খালি পড়ে ছিল। সেখানে ছয়জন মানুষ খুন হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বাড়িটি কিনতে আগ্রহী হচ্ছিলেন না অনেকে। প্রায় ১৩ মাস পর ১৯৭৫ সালের ডিসেম্বরে বাড়িটি কেনেন জর্জ লুটজ ও তাঁর স্ত্রী ক্যাথলিন। ৮০ হাজার ডলারে কেনা বাড়িটিতে ছয়টি শয়নকক্ষ, সুইমিংপুল ও নৌকা রাখার জায়গা ছিল। দম্পতির সঙ্গে ক্যাথলিনের আগের সংসারের তিন সন্তানও সেখানে ওঠেন।
১৮ ডিসেম্বর নতুন বাড়িতে বসবাস শুরু করে লুটজ পরিবার। তবে তাঁদের দাবি, কয়েক দিনের মধ্যেই সেখানে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে।
কখনো দেয়াল বেয়ে সবুজাভ-কালো আঠালো পদার্থ গড়িয়ে পড়ত, কখনো জানালার কাচ ভেঙে যেত। বাড়ির ভেতরে অদ্ভুত অবয়ব দেখার কথাও জানান তাঁরা। এক রাতে মেয়ের জানালায় লাল চোখের শূকরসদৃশ প্রাণী দেখার দাবি করেন পরিবারের সদস্যরা।
ক্যাথলিন লুটজের দাবি ছিল, একসময় ঘুমের মধ্যে তিনি শূন্যে ভেসে উঠেছিলেন। বাড়ির দরজা-জানালা নিয়েও ঘটত অস্বাভাবিক ঘটনা। পরিবারের সদস্যদের মনে হতে থাকে, কোনো অশুভ শক্তি যেন বাড়িটিকে নিয়ন্ত্রণ করছে।
লুটজ পরিবারের বর্ণনায় উঠে আসে বাড়ি শুদ্ধীকরণের জন্য ডেকে আনা এক যাজকের কথাও। তাঁদের দাবি, প্রার্থনার সময় ওই যাজক একটি অদৃশ্য কণ্ঠস্বরের মুখোমুখি হন, যা তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
এসব ঘটনার কারণে পরিবারটির পক্ষে বাড়িটিতে থাকা কঠিন হয়ে পড়ে। ১৯৭৬ সালের জানুয়ারিতে সেখানে ওঠার মাত্র ২৮ দিন পর বাড়িটি ছেড়ে চলে যান তাঁরা।
লুটজ পরিবারের কথিত অভিজ্ঞতার কথা লেখক জে অ্যানসনের কাছে পৌঁছায়। তাঁদের বক্তব্য ও সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি লেখেন ‘দ্য অ্যামিটিভিল হরর: আ ট্রু স্টোরি’। ১৯৭৭ সালে প্রকাশিত বইটি দ্রুত জনপ্রিয়তা পায়।
এরপর গল্পটি চলচ্চিত্রের পর্দায় আসে। ১৯৭৯ সালের ২৭ জুলাই মুক্তি পায় ‘দ্য অ্যামিটিভিল হরর’ চলচ্চিত্র। বাস্তব হত্যাকাণ্ডের সঙ্গে কথিত অতিপ্রাকৃত অভিজ্ঞতার সংমিশ্রণে তৈরি সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। ধীরে ধীরে বাড়িটি পরিচিত হয়ে ওঠে ভুতুড়ে বাড়ি হিসেবে।
তবে বই ও চলচ্চিত্রের জনপ্রিয়তার পাশাপাশি লুটজ পরিবারের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।
১৯৭৯ সালের ১৬ সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট ‘দ্য ক্যালামিটিভিল হরর’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে লুটজ পরিবারের বর্ণনায় নানা অসংগতি তুলে ধরা হয়।
এর আগেই ১৯৭৭ সালে জেমস ও বারবারা ক্রোমার্টি দম্পতি বাড়িটি ৫৫ হাজার ডলারে কিনে নেন। তাঁরা সেখানে কোনো অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথা জানাননি। তাঁদের অভিযোগ ছিল, কৌতূহলী মানুষ বাড়িটির সামনে ভিড় করত, দরজায় কড়া নাড়ত এবং রোনাল্ড ডিফিও সেখানে আছেন কি না, তা জানতে চাইত।
লুটজ পরিবারের বর্ণনায় যেসব স্থানীয় পুলিশ সদস্য ও যাজকের অস্বাভাবিক অভিজ্ঞতার কথা বলা হয়েছিল, তাঁদের কয়েকজন সেই দাবির সত্যতা অস্বীকার করেন।
এদিকে ডিফিওর সাবেক আইনজীবী উইলিয়াম ওয়েবার দাবি করেন, তিনি ও লুটজ পরিবার কয়েক বোতল ওয়াইন পান করতে করতে ভুতুড়ে বাড়ির গল্পটি তৈরি করেছিলেন। তাঁর অভিযোগ, ডিফিও হত্যাকাণ্ডের কিছু বিবরণ ব্যবহার করে গল্পটি সাজানো হয়েছিল।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে আইনি বিরোধও তৈরি হয়। অর্থ, বইয়ের স্বত্ব ও চলচ্চিত্রের আয় নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। বিচারক জ্যাক ওয়েইনস্টাইনের একটি পর্যবেক্ষণও প্রতিবেদনে উঠে আসে। তাঁর মতে, বইটির বড় একটি অংশ কল্পনানির্ভর বলে মনে হয়েছে।
তবে লুটজ পরিবার তাঁদের অভিজ্ঞতার সত্যতা নিয়ে শেষ পর্যন্ত অনড় ছিল। ফলে অ্যামিটিভিলের কথিত অতিপ্রাকৃত ঘটনাগুলো নিয়ে বিতর্কের অবসান হয়নি।
জেমস ও বারবারা ক্রোমার্টি দম্পতি প্রায় ১০ বছর বাড়িটিতে বসবাস করেন। ১৯৮৭ সালের আগস্টে তাঁরা পিটার ও জিন ও’নিল দম্পতির কাছে বাড়িটি বিক্রি করে দেন। এর মধ্যে বাড়িটির বাহ্যিক কাঠামোতেও বিভিন্ন পরিবর্তন আনা হয়।
অন্যদিকে, রোনাল্ড ডিফিও জুনিয়র ২০২১ সালের ১২ মার্চ কারাগারে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। একাধিকবার তাঁর জামিনের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অ্যামিটিভিলের বাড়িটি এখনো রয়েছে। ঠিকানা পরিবর্তন করে ১১২ ওশান অ্যাভিনিউ থেকে ১০৮ ওশান অ্যাভিনিউ করা হয়েছে। এটি বর্তমানে ব্যক্তিগত আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অ্যামিটিভিলের বাড়ির ইতিহাসে তাই দুটি আলাদা অধ্যায় রয়েছে। প্রথমটি ১৯৭৪ সালের সেই ভয়াবহ হত্যাকাণ্ড, যাতে একজন মানুষ নিজের মা-বাবা ও চার ভাইবোনকে হত্যা করেন। দ্বিতীয়টি লুটজ পরিবারের ২৮ দিনের কথিত অতিপ্রাকৃত অভিজ্ঞতা, যা বই ও চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। প্রথম ঘটনাটি আদালতে প্রমাণিত হত্যাকাণ্ড। আর দ্বিতীয়টির সত্যতা আজও বিতর্কিত।























