কুড়িগ্রামে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নাইট গার্ডকে হত্যা করে ৩৪ লাখ টাকা লুট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 73
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের শান্তিনগর এলাকায় একটি মেরিজ সিগারেট কোম্পানির ডিলার অফিসে দুর্বৃত্তদের হামলায় দায়িত্বরত নাইট গার্ড নিহত হয়েছেন। একই সঙ্গে অফিসের তালা ভেঙে ঢুকে ৩৪ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ডিলার অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত নাইট গার্ড তপন দাস বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে। পরে অফিসে থাকা নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা পালিয়ে যায়।
রোববার সকালে ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর ও রাজারহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহতের স্ত্রী রিতা রাণী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী রাত ১২টার দিকে মেয়েকে মোবাইলে ফোন করে জানিয়েছিল, কোম্পানির ম্যানেজার তার সঙ্গে ছিল। সে নাইট গার্ডের চাকরি করত, টাকা গুনার কাজ তার দায়িত্ব ছিল না। তবুও ম্যানেজার তাকে দিয়ে মাঝেমধ্যে টাকা গুনাতেন। এই টাকা গুনার কাজ করতে গিয়েই আজ আমার স্বামীকে জীবন দিতে হলো।
তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে ঘটনার সময় উপস্থিত বলে উল্লেখ করা কোম্পানির ম্যানেজারের সঙ্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর ও রাজারহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ড ও ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।






























