ফরিদপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
- প্রকাশঃ ০৪:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 108
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত যুবতীর (প্রায় ২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সদরপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসসংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গিয়ে হাত বাঁধা অবস্থায় পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকালে যুবতীর দুই হাত বাঁধা ছিল এবং তাঁর মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজাউন দীপুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখে আঘাতের চিহ্ন রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।






























