বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সোনারগাঁয়ে যুব মহিলা লীগের দুই নেতা গ্রেপ্তার
- প্রকাশঃ ০২:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 61
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (গতকাল) রাতে পৃথক অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য। জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং খালেদা আক্তার রোজি ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় দুই যুবলীগ নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ জাকির হোসেনকে গ্রেপ্তার করে। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালুর ব্যবসা ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলারও তিনি একজন আসামি।






























