রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
- প্রকাশঃ ০২:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 29
রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রিন রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মুসাব্বির। পরে তাঁকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মোট দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আজিজুর রহমান মুসাব্বির ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। অপর একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।




























