যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা
- প্রকাশঃ ১০:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 79
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
আহত পাঁচজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ (অপরাধ) সুপার আবুল বাশার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন আম বটতলা বাজারে মুঠোফোন মেরামত করতে এক দোকানে গেলে দোকানদারের সঙ্গে কথাকাটাকাটি হয়। অভিযোগ, দোকানদার ওই শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল মন্তব্য করেন। এরপর ওই শিক্ষার্থীর বন্ধুরা দোকানে গিয়ে মারপিট করলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ধাওয়া শুরু করেন।
সংঘর্ষ চলাকালীন একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, “শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওমর ফারুক বলেন, ছাত্রদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চার–পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


















