যশোরে জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে
- প্রকাশঃ ০১:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 37
যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার এনায়েতপুর এলাকায় মারপিটের পর তার বুকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর এলাকার মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরা এলাকায় পুলিশের গুলিতে মাথায় গুরুতর আহত হয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে এনাম বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে বুকে তিনবার ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এনামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এনামের ওপর এই হামলা চালানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক জানান, এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। বর্তমানে সার্জারি বিভাগে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন, “আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। আমরা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ জানান, হামলার বিষয়টি তারা জেনেছেন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।




























