চাঁদাবাজির অভিযোগে খুলনায় যুবলীগ নেতা শফিকুল ইসলামের বাড়ি থেকে তিন যুবক আটক
- প্রকাশঃ ০১:৩৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 29
খুলনার কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের বাড়ি থেকে চাঁদা দাবির অভিযোগে তিনজন যুবককে পুলিশ আটক করেছে। সোমবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা থানার নেসার উদ্দিন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলামের মেয়ে শাহনাজ পারভীন অভিযোগ করেন, আটক যুবকরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে বাবাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়।
আটক যুবকদের নাম মেহেদী হাসান মিরাজ, আল নাহিয়ান ও মিরাজ গাজী।
জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলা সমন্বয়কারী মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, আটকরা আমাদের দলের কোনো কমিটিতে নেই। কেউ দলের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসএম শফিকুল ইসলামের দীর্ঘদিনের অবস্থানের পরও পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেনি, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ৩টার দিকে আমরা নেসার উদ্দিন সড়কে একটি বাড়িতে চাঁদাবাজির জন্য কয়েকজন দুষ্কৃতির উপস্থিতি শনাক্ত করি। দ্রুত একটি টিম পাঠিয়ে তিনজনকে আটক করি। তাদের মধ্যে একজন মেহেদী হাসান মিরাজ এনসিপির সদস্য পরিচয় দিয়েছিলেন। তথ্য যাচাই করার পর দেখা গেছে, তার বা অন্যদের জাতীয় নাগরিক পার্টির কোনো পদ নেই।
পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রমাণ মিললে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




























