প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১১
- প্রকাশঃ ০৯:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 30
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষা শুরুর আগে উপজেলার কাজীপাড়া ও খাদ্যগুদাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্র, উত্তরপত্র, চেক বইয়ের ফাঁকা পাতা, চারটি ইলেকট্রনিক ডিভাইস ও পরীক্ষার প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটকরা হলেন— বাবু ইসলাম (৩২), জান্নাতুন নাঈম মিতু (২৬), শাহজাহান আলী (২৭), আনোয়ার হোসেন (২৮), বেলাল হোসেন (৩৮), মিনারুল ইসলাম (৪০), হিমেল মাহমুদ (২৮), প্রক্সি পরীক্ষার্থী চামেলী আক্তার (২৯), আব্দুল লতিফ (৫২), শরিফুজ্জামান সিদ্দিকী (৪০) ও মাহবুব খান (৩৫)। তাদের মধ্যে মিনারুল ইসলাম বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভার কাজীপাড়ায় বাবু ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পরীক্ষার্থী ও সিন্ডিকেট সদস্যদের আটক করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে খাদ্যগুদামের সামনে নাগেশ্বরী–কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাস থামিয়ে বাকিদের আটক করে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, ‘মিনারুল ইসলামের দলীয় পদ রয়েছে—এটি নিশ্চিত। তবে বিএনপির কেউ যদি প্রশ্নপত্র ফাঁস বা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে দল কখনোই প্রশ্রয় দেয় না।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।






























