মুস্তাফিজুর রহমানকে লক্ষ্য করে ভারতীয় রাজনৈতিক নেতাদের প্রকাশ্য হুমকি
- প্রকাশঃ ০৮:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 42
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের আটটি আসরে পাঁচটি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এতদিন আইপিএলে তার যাত্রা কেবল ক্রিকেটীয় পারফরম্যান্সেই সীমাবদ্ধ ছিল। তবে প্রথমবারের মতো বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেওয়ার পর রাজনৈতিক বিতর্ক ও প্রকাশ্য হুমকির মুখে পড়লেন বাঁহাতি এই পেসার।
২০২৬ আইপিএল শুরু হতে এখনও সময় থাকলেও ভারত–বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে এসে পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের একাংশের ক্ষোভ এবার সরাসরি গিয়ে পড়েছে মুস্তাফিজুর রহমানের ওপর।
আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে ডাক পান মুস্তাফিজ। তবে তাকে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের কট্টরপন্থী রাজনৈতিক নেতারা।
হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে মুস্তাফিজকে পরোক্ষ হুমকি দিয়ে বলেন, যখন পুরো দেশ বাংলাদেশের ওপর ক্ষুব্ধ, এমন পরিস্থিতিতে কোনো বাংলাদেশি এলে সে স্বাভাবিকভাবেই জনরোষের মুখে পড়বে। যদি শাহরুখ খানের দলে কোনো বাংলাদেশি ক্রিকেটার থাকে, তবে তিনি বড় ধরনের টার্গেট হওয়ার আগেই তাকে বাদ দেওয়া উচিত। এটি তার নিজের নিরাপত্তার জন্য যেমন ভালো হবে, তেমনি ভারতের স্বার্থও রক্ষা করবে।
এর আগে শিবসেনা (ইউবিটি)-এর মুখপাত্র আনন্দ দুবে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তুলে বলেন, বাংলাদেশি ও পাকিস্তানি ক্রিকেটারদের ভারতের মাটিতে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। তারা ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। শাহরুখ খানের দল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের দ্রুত বাদ দিতে হবে। অন্যথায় বোঝা যাবে, তিনি এই দেশের মানুষের অনুভূতিকে গুরুত্ব দেন না।
এছাড়া উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম আরও কড়া ভাষায় শাহরুখ খান ও মুস্তাফিজকে লক্ষ্য করে বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না-এটা আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো লোকদের এটা বুঝে নেওয়া উচিত। তিনি দেশদ্রোহিতা করছেন।
ভারতীয় রাজনীতির এই উত্তপ্ত বক্তব্যে আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ কিংবা আইপিএল আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।






























