বাংলাদেশকে কি ভারতের অন্য ভেন্যুতে খেলতে হবে? বিসিসিআই বলল, আইসিসি এখনও কিছু জানায়নি
- প্রকাশঃ ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 37
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়ার ফেসবুক অ্যাকাউন্ট
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে কোনো হালনাগাদ তথ্য পাননি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার মতে, এটি আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনার বিষয় এবং আয়োজক হিসেবে তারা কেবল আইসিসির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেবে।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ আগেই ভারত নয়, শ্রীলঙ্কায় খেলার অনড় অবস্থান নিয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে বিসিবি আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি প্রেরণ করেছে। ৭ জানুয়ারি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি দলকে বিশ্বকাপে পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
ভারতের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় না পাঠিয়ে ভারতেরই চেন্নাই ও তিরুবনন্তপুরমে খেলার প্রস্তাব দিতে পারে। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, চেন্নাই বা অন্য কোথাও বাংলাদেশের ম্যাচ সরানোর বিষয়ে এখনো কোনো বার্তা পাইনি। এটা বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনার বিষয়। আপাতত আমাদের কাছে কোনো তথ্য নেই।

আইপিএলে এবার মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিবি
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া দশম টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের কলকাতা (প্রথম তিনটি) এবং মুম্বাই (শেষটি) ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এদিকে, আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, ভারত গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে। আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে— বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশের সমর্থকরা জাতীয় জার্সি পরে মাঠ ও ভেন্যুতে উপস্থিত হওয়া, বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময়কাল নিকটে আসা।
আইসিসির এমন বিশ্লেষণকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও আগেই জানিয়ে দিয়েছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা।
বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি গত ৩ জানুয়ারি প্রকাশ পায়, যখন মোস্তাফিজুর রহমানকে উগ্রপন্থী হুমকির কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। বিসিবি এ ঘটনায় প্রশ্ন তুলেছে, যদি মোস্তাফিজের একক নিরাপত্তা দিতে না পারা যায়, তাহলে পুরো দল, সাংবাদিক ও ভেন্যুর অন্যান্য সংশ্লিষ্টের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। এভাবেই তারা আইসিসিকে ভারত থেকে ভেন্যু সরানোর অনুরোধ জানায়।






























