বিশ্বকাপ ট্রফির প্রথম দেখা ‘প্রথমে একটু ছোট মনে হয়েছিল, কাছে গিয়ে বুঝলাম কত বড়’—জামাল ভূঁইয়া
- প্রকাশঃ ০২:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 34
বিশ্বকাপ ফুটবলের ট্রফি যে কোনো ফুটবলারের জন্য স্বপ্ন ও গর্বের প্রতীক। সেই স্বপ্নের ট্রফি আজ বুধবার খুব কাছ থেকে দেখার সুযোগ পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে ট্রফির বিশ্ব প্রদক্ষিণ কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকায় এসেছে বিশ্বকাপ ট্রফি।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি পৌঁছানোর পরই সেটি ঘনিষ্ঠভাবে দেখেন জামাল ভূঁইয়া। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা। বিশ্বকাপজয়ী ফুটবলার ও ট্রফিকে একসঙ্গে কাছে পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশের অধিনায়ক।
এ বিষয়ে জামাল বলেন, এক্সপেরিয়েন্সটা দারুণ ছিল, টু বি অনেস্ট। গিলবার্তো সিলভা বিশ্বকাপ ট্রফি নিয়ে আসছেন—এটাই আমার জন্য বড় ব্যাপার। এই প্রথম আমি বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখলাম। অনুভূতিটা সত্যিই অসাধারণ।
জাতীয় দলের অধিনায়ক হয়েও ট্রফি নিয়ে নিজের কৌতূহল লুকাননি জামাল। গণমাধ্যমের সামনে তিনি ট্রফির আকার ও ওজন নিয়ে বলেন, দূর থেকে দেখে আমার মনে হয়েছিল ট্রফিটা একটু ছোট। কিন্তু কাছে গিয়ে বুঝলাম এটা আসলে কত বড়। ওজন নিয়েও কৌতূহল ছিল। জানতে পারলাম, প্রায় ৭ কেজি পিওর গোল্ড। সব মিলিয়ে অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল।
বিশ্বকাপ ট্রফির বাংলাদেশে আগমন নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হবে বলেও মনে করেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, যেহেতু বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে, আমি চাই এটাকে একটা ইনস্পিরেশন হিসেবে নিক সব ফুটবলার। যারা কঠোর পরিশ্রম করে, নিয়মিত অনুশীলন করে এবং ভবিষ্যতে ফুটবলার হতে চায়—এই ট্রফি তাদের আরও মোটিভেশন দেবে বলে আমার বিশ্বাস।
শৈশব থেকেই ব্রাজিল জাতীয় দলের সমর্থক জামাল ভূঁইয়া। ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য গিলবার্তো সিলভাকে সামনে থেকে দেখে তাঁর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে ফলো করি। আমার প্রথম ফেভারিট প্লেয়ার ছিল রোনালদো। বিশেষ করে ২০০২ সালের ব্রাজিল দলটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর, আর সেই দলে গিলবার্তো সিলভাও ছিলেন।
তিনি আরও বলেন, অবশ্যই আমি চাই ডেনমার্ক ভালো করুক, কারণ সেখানেই আমার জন্ম। তবে ডেনমার্ক যদি না পারে, তাহলে আমি আবারও ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চাই।
বিশ্বকাপ ট্রফির এই সংক্ষিপ্ত সফর বাংলাদেশে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা ও আগ্রহ সৃষ্টি করেছে।






























