নাজমুলের পদত্যাগ না হলে বিপিএল বন্ধের হুঁশিয়ারি কোয়াবের
- প্রকাশঃ ০২:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 83
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সিলেট পর্ব শেষে আগামীকাল ঢাকায় টুর্নামেন্টের পরবর্তী ধাপ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ক্রিকেটাঙ্গনে স্পষ্ট একটি সমীকরণ সামনে এনেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব—বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ, নতুবা বিপিএলের খেলা বন্ধ।
বেতন, ক্ষতিপূরণ ও পারফরম্যান্স–সংক্রান্ত বিষয়ে এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। কোয়াবের মতে, এসব বক্তব্য অপমানজনক ও পেশাদারত্ববিরোধী। এর প্রতিবাদে সংগঠনটি কঠোর অবস্থান নিয়েছে।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতে এক ভার্চুয়াল সভায় বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে কথা বলতে পারেন না। আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো ধরনের খেলায় অংশ নেবেন না।
মিঠুন আরও বলেন, বিষয়টি শুধু একটি মন্তব্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের বিভিন্ন দাবি ঝুলে আছে। প্রথম বিভাগ ক্রিকেটসহ একাধিক ইস্যুতে বোর্ডকে সময় দেওয়া হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। এর মধ্যে নাজমুল ইসলামের ধারাবাহিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলামের মন্তব্যকে অনুপযুক্ত ও আপত্তিকর বলে উল্লেখ করেছে। তবে বোর্ড জানিয়েছে, অনুমোদিত চ্যানেলের বাইরে পরিচালকদের ব্যক্তিগত বক্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি বোর্ডের সম্মান ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
সব মিলিয়ে পরিস্থিতির সমীকরণ এখন স্পষ্ট। নাজমুল ইসলামের পদত্যাগ হলে মাঠে গড়াতে পারে বিপিএল। অন্যথায় ঢাকাপর্ব শুরুর আগেই বন্ধ হয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। সিদ্ধান্ত এখন বিসিবির কোর্টেই।


















