স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না, নিরাপত্তা নিয়েও শঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স
- প্রকাশঃ ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮
- / 0
ঢাকা, ১০ আগস্ট, (প্রজন্ম কথা) – বেতন ও পারিবারিক খরচ নিয়ে আর্থিক সংকটে পড়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স। স্ত্রী ও সন্তানদের জন্য টাকা পাঠাতে পারছেন না দাবি করার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে জেরার্ডের বেতন পরিশোধ হয়নি বলে যে দাবি উঠেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জেরার্ড নিজের পরিস্থিতি নিয়ে হতাশা ও উদ্বেগের কথা জানান। তিনি বলেন, নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত এবং বারবার ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। পোস্টে নিজের আর্থিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে জেরার্ড জানান, তিনি বেতনের অপেক্ষায় রয়েছেন এবং তাঁর হাতে কোনো টাকা নেই। এ কারণে স্ত্রী ও সন্তানদের খাবারের খরচ পাঠাতেও পারছেন না বলে দাবি করেন তিনি।
পোস্টের শেষ দিকে নিজের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই ব্রিটিশ কোচ। তবে বাংলাদেশে অবস্থানকালে তাঁর নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। জেরার্ডের বেতন না পাওয়ার দাবির বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে বাফুফে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁর বেতন ইতিমধ্যে ব্যাংক হিসাবে জমা হয়েছে। তবে করসংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতার কারণে সেই অর্থ স্ত্রীকে পাঠাতে তাঁর কিছুটা সময় লাগছে।
এদিকে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের আবাসিক ক্যাম্প চলছে। জেরার্ডও সেখানে দলের সঙ্গে ছিলেন। সোমবারই তিনি ক্যাম্প ছেড়ে ঢাকায় এসেছেন। জেরার্ডের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে আর্থিক সংকটের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এলেও, তাঁর দাবির বিস্তারিত কারণ বা নিরাপত্তা নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনার তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি।





























