ইসাকের গুরুতর ইনজুরিতে দুশ্চিন্তায় লিভারপুল কোচ আরনে স্লট
- প্রকাশঃ ০৬:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 87
ছবি: সংগৃহীত
লিভারপুলের রেকর্ড সাইনিং স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের গুরুতর ইনজুরি নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে কোচ আরনে স্লটকে। টটেনহ্যামের বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে গোল করার পরই বাঁ পায়ে চোট পান ইসাক। পরীক্ষায় ধরা পড়ে, তার বাঁ পায়ের ফিবুলা হাড়ে ফ্র্যাকচার হয়েছে এবং অ্যাঙ্কেলেও আঘাত রয়েছে। সোমবার তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ক্লাব সূত্রে জানানো হয়েছে, কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে।
ম্যাচের ৫৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন ইসাক। তবে টটেনহ্যামের ডিফেন্ডার মিকি ভ্যান ডি ভেনের একটি চ্যালেঞ্জে তার পা আটকে গেলে তীব্র ব্যথায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এ নিয়ে ম্যাচ শেষে লিভারপুল কোচ আরনে স্লট চ্যালেঞ্জটিকে রেকলেস আখ্যা দিয়ে বলেন, এই ধরনের ট্যাকল ১০ বার করলে ১০ বারই গুরুতর ইনজুরির ঝুঁকি থাকে।
পরবর্তীতে ভ্যান ডি ভেন ব্যক্তিগতভাবে ইসাককে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
নিউক্যাসল ইউনাইটেড থেকে চলতি মৌসুমে রেকর্ড £১২৫ মিলিয়ন ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন ইসাক। তবে প্রি-সিজন মিস করা এবং অক্টোবর-নভেম্বরে গ্রয়েন ইনজুরিতে পাঁচ ম্যাচ বাইরে থাকায় শুরুটা ছিল হতাশাজনক। এখন পর্যন্ত ১৬ ম্যাচে মাত্র তিনটি গোল করেছেন তিনি। সর্বশেষ এই ফ্র্যাকচারের কারণে কমপক্ষে দুই মাস, এমনকি বসন্তকাল পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইসাকের অনুপস্থিতি লিভারপুলের আক্রমণভাগে বড় সংকট তৈরি করেছে। মোহামেদ সালাহ আফ্রিকা কাপ অব নেশন্সে ব্যস্ত, কোডি গাকপো ভুগছেন মাসল ইনজুরিতে। হাতে কার্যকর বিকল্প হিসেবে আছেন হুগো একিতিকে—যিনি এ মৌসুমে ১১ গোল করেছেন—এবং ফেদেরিকো কিয়েসা। ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন ফরোয়ার্ড দলে ভেড়ানোর কথা ভাবছে লিভারপুল। সম্ভাব্য লক্ষ্য হিসেবে বোর্নমাউথের অ্যান্টোয়ান সেমেনিওর নাম শোনা যাচ্ছে।
ইসাকের চোটকে লিভারপুলের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা হিসেবে দেখছেন কোচ আরনে স্লট। তিনি বলেন, ইসাকের ফর্ম ধীরে ধীরে ফিরছিল। এমন সময়ে এই ইনজুরি তার জন্য সত্যিই দুর্ভাগ্যজনক।
সমর্থকদের প্রত্যাশা, পুরোপুরি সুস্থ হয়ে ইসাক দ্রুত মাঠে ফিরবেন এবং মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলকে নতুন শক্তি জোগাবেন।





























