চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র আজ: যেভাবে নির্ধারিত হবে শেষ ষোলোর লড়াই
- প্রকাশঃ ০৪:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 18
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শেষ হয়েছে। এবার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় সবার নজর প্লে-অফ ড্রয়ের দিকে। নকআউট পর্বে জায়গা করে নিতে মোট ১৬টি দল লড়বে প্লে-অফে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে এই ড্র।
ড্রতে অংশ নেবে লিগ পর্বে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো। শীর্ষ আট দল ইতিমধ্যে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে।
ড্রয়ের নিয়ম অনুযায়ী, নবম থেকে ১৬তম স্থানে থাকা দলগুলো থাকবে ‘সিডেড’ পটে এবং ১৭ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো থাকবে ‘আনসিডেড’ পটে। আনসিডেড দলগুলোর প্রতিপক্ষ হবে সিডেড দলগুলো। উদাহরণ হিসেবে, ১৫ ও ১৬ নম্বর দল মুখোমুখি হবে ১৭ ও ১৮ নম্বর দলের বিপক্ষে। সিডেড দলগুলো বাড়তি সুবিধা হিসেবে দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলবে।
প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ হবে এক সপ্তাহ পর।
লিগ পর্বে শীর্ষে রয়েছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। সেরা আটে থাকা অন্য দলগুলো হলো লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
প্লে-অফে অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্টা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিম্ট ও বেনফিকা।
উদাহরণ হিসেবে, লিগ পর্বে ১১তম হওয়ায় নিউক্যাসল থাকবে সিডেড পটে। ফলে তারা নিশ্চিতভাবেই মুখোমুখি হবে ২১ বা ২২তম স্থানে থাকা মোনাকো অথবা কারাবাগের বিপক্ষে।
প্লে-অফ শেষে জয়ী আট দল উঠবে শেষ ষোলোতে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে লিগ পর্বের শীর্ষ আট দল। এরপর টুর্নামেন্ট পুরোপুরি নকআউট পদ্ধতিতে চলবে। ফাইনাল ছাড়া প্রতিটি রাউন্ড হবে দুই লেগে।
নতুন নিয়ম অনুযায়ী, লিগ পর্বের অবস্থান কোয়ার্টার ও সেমিফাইনালের সিডিংয়েও প্রভাব ফেলবে। প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা দলগুলো কোয়ার্টার ফাইনালে এবং শীর্ষ দুই দল সেমিফাইনালে দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। কোনো সিডেড দল বাদ পড়লে, তাকে হারানো দলই সেই সিডিং সুবিধা পাবে।



























