অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটির ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী
- প্রকাশঃ ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪
- / 11
সিডনি, ১২ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী। নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কাউন্সিল সভায় কাউন্সিলরদের ভোটে তাকে এই পদে নির্বাচিত করা হয়। ২০১৬ সালে কাউন্সিলে নির্বাচিত হওয়ার পর এই প্রথম ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন মাসুদ চৌধুরী।
একই সভায় ডারসি লাউন্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হন। নতুন মেয়র ও ডেপুটি মেয়র আগামী ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সরকারি ঘোষণায় মাসুদ চৌধুরীর ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর মাসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ডেপুটি মেয়র কেবল পদবি নয়, এটি নাগরিক সেবার বড় দায়িত্ব। এতে কাজের পরিধি ও জবাবদিহি দুটিই বাড়ে। ক্যাম্পবেলটাউন বহু সংস্কৃতির নগরী; এখানে ৭৩টি ভাষার মানুষ বাস করেন। ডেপুটি মেয়র হিসেবে সবার অধিকার ও স্বার্থ রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য।’
নিজের শিকড় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘জন্ম বাংলাদেশে হওয়ায় নাড়ির টান সব সময়ই থাকবে। স্থানীয় আইন মেনে ক্যাম্পবেলটাউনের আবাসনসংকট নিরসন, পরিকল্পিত উন্নয়ন এবং বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই।’
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, মাসুদ চৌধুরী ২০১৬ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনেও তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। ওই নির্বাচনে ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ১৫টি আসনের একটি পান তিনি।
মাসুদ চৌধুরীর নতুন দায়িত্ব পাওয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও সন্তোষ দেখা দিয়েছে। সিডনির বার্ডিয়ার বাসিন্দা সাজিদুল ইসলাম বলেন, ‘ক্যাম্পবেলটাউনের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে কমিউনিটির প্রতিনিধিকে এই পদে দেখা গর্বের। এই অর্জন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতি ও নেতৃত্বে যুক্ত হতে উৎসাহিত করবে।’
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সরকারি তথ্য অনুযায়ী, মাসুদ চৌধুরী বর্তমানে লেবার পার্টির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।




























