ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রের সেরা অঙ্গরাজ্য, টানা ষষ্ঠবার শীর্ষে ভারমন্ট
- প্রকাশঃ ১৩ জুলাই ২০২৬, ১৭:০৮
- / 21
কর সুবিধা, সড়ক যোগাযোগ বা শিল্প অবকাঠামো একসময় ব্যবসার জন্য অঙ্গরাজ্য বেছে নেওয়ার প্রধান বিবেচ্য বিষয় ছিল। তবে সময়ের সঙ্গে সেই সমীকরণ বদলেছে। এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষ কর্মীরা কোথায় থাকতে চান, কোথায় তারা পরিবার নিয়ে নিরাপদ ও স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি (CNBC) প্রকাশিত “America’s Top States for Business 2026” জরিপে টানা ষষ্ঠবারের মতো ব্যবসার জন্য দেশের সেরা অঙ্গরাজ্যের স্বীকৃতি পেয়েছে ভারমন্ট। ২০ বছরের এই জরিপের ইতিহাসে এবার প্রথমবারের মতো ‘জীবনযাত্রার মান’ (Quality of Life) বিভাগকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
করোনা মহামারির পর কর্মস্থলে ফেরার প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলো উপলব্ধি করতে শুরু করেছে, দক্ষ কর্মী ধরে রাখতে হলে কেবল প্রতিযোগিতামূলক বেতন নয়, উন্নত জীবনযাপনের পরিবেশও নিশ্চিত করতে হবে।
নিউইয়র্কভিত্তিক সাইট-নির্বাচন পরামর্শক টম স্ট্রিঞ্জার বলেন, আগে মানুষ চাকরির জন্য এক শহর থেকে আরেক শহরে যেত। এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলোই মানুষের পছন্দের জায়গায় বিনিয়োগ করছে।
এবারের মূল্যায়নে জীবনযাত্রার মান মোট স্কোরের ১১ দশমিক ৬ শতাংশ। এতে অপরাধের হার, স্বাস্থ্যসেবা, বায়ুর মান, শিশু পরিচর্যার ব্যয় ও সহজলভ্যতা, নাগরিক অধিকার এবং প্রজনন অধিকারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
ভারমন্টের সবচেয়ে বড় শক্তি বাসিন্দাদের স্বাস্থ্য। ইউনাইটেড হেলথ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাজ্যের ৫৪ শতাংশ বাসিন্দা নিজেদের স্বাস্থ্যকে “ভালো” বা “চমৎকার” বলে মূল্যায়ন করেছেন, যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ। এছাড়া রাজ্যটিতে অপরাধের হার তুলনামূলক কম এবং নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রেও অবস্থান শক্তিশালী।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে গত ৫ বছরের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য দিতে হবে: মার্কিন দূতাবাস
তবে ভারমন্টের অন্যতম বড় চ্যালেঞ্জ গৃহহীনতা। প্রায় ৬ লাখ ৪৪ হাজার জনসংখ্যার এই অঙ্গরাজ্যে তিন হাজারের বেশি মানুষ গৃহহীন। এ সংকট মোকাবিলায় রাজ্য সরকার ৮৩ মিলিয়ন ডলারের একটি কর্মসূচি বাস্তবায়ন করছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেইন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম সহিংস অপরাধের হার এই রাজ্যে। তবে মাদকজনিত মৃত্যু ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে মেইন।
নিউজার্সি এবারের তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। স্বাস্থ্যসেবা, শ্রমিক সুরক্ষা, প্রজনন অধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণে ভালো ফল করায় রাজ্যটি এ+ গ্রেড অর্জন করেছে। পাশাপাশি অকালমৃত্যুর হারও দেশটির মধ্যে অন্যতম কম। যদিও চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
মিনেসোটা প্রজনন অধিকার সুরক্ষায় অন্যতম অগ্রগামী রাজ্য হিসেবে মূল্যায়িত হয়েছে। গবেষণায় দেখা গেছে, গর্ভপাত-সংক্রান্ত অধিকার সীমিত এমন অঙ্গরাজ্য থেকে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর অন্যত্র চলে যাওয়ার প্রবণতা বাড়ছে, যা শ্রমবাজার ও অর্থনীতিতেও প্রভাব ফেলছে।
এ বছরের শীর্ষ ১০ অঙ্গরাজ্যের তালিকায় আরও রয়েছে কানেকটিকাট, নিউ হ্যাম্পশায়ার, হাওয়াই, ভার্জিনিয়া, নর্থ ডাকোটা, ম্যাসাচুসেটস এবং নেব্রাস্কা।
প্রতিটি অঙ্গরাজ্যেরই রয়েছে নিজস্ব শক্তি। নর্থ ডাকোটা শিশু পরিচর্যা ব্যবস্থায় দেশসেরা, নেব্রাস্কা মাদকজনিত মৃত্যুর হার নিয়ন্ত্রণে সবচেয়ে সফল, ম্যাসাচুসেটস স্বাস্থ্যবীমা কভারেজে শীর্ষে এবং ভার্জিনিয়া সহিংস অপরাধ নিয়ন্ত্রণে অন্যতম সফল অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হয়েছে।
সিএনবিসির এবারের জরিপে উঠে এসেছে, ব্যবসার জন্য আদর্শ অঙ্গরাজ্য নির্ধারণের মানদণ্ডে বড় পরিবর্তন এসেছে। কর ছাড় বা অবকাঠামোর পাশাপাশি নিরাপদ জীবন, উন্নত স্বাস্থ্যসেবা, পারিবারিক পরিবেশ এবং জীবনযাত্রার মান এখন ব্যবসায়িক বিনিয়োগের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠছে।





























