যুক্তরাষ্ট্রের ২৫০ বছরে ব্যতিক্রমী শ্রদ্ধা: টাম্পায় ২৫০টি গাছ লাগাল ইসমাইলি মুসলিম সম্প্রদায়
- প্রকাশঃ ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬
- / 8
টাম্পা, ফ্লোরিডা, ২৩ আগস্ট, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে ফ্লোরিডার টাম্পার রওলেট পার্কে ২৫০টি গাছ রোপণ করেছে স্থানীয় ইসমাইলি মুসলিম সম্প্রদায়। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে টাম্পা মেয়র জেন ক্যাস্টরের সঙ্গে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সদস্য অংশ নেন। এ সময় ‘আমেরিকা ২৫০ কমেমোরেটিভ গ্রোভ’ নামে একটি স্মারক বৃক্ষবাগানের উদ্বোধন করা হয়।
আয়োজকেরা জানান, জাতীয় কোনো মাইলফলক উদযাপনে সাধারণত আতশবাজি বা কুচকাওয়াজের আয়োজন করা হলেও তারা দীর্ঘমেয়াদি পরিবেশগত উদ্যোগকে বেছে নিয়েছেন। নতুন গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে টাম্পার বাসিন্দাদের ছায়া দেওয়ার পাশাপাশি বায়ু পরিশোধন ও পানি সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
ইসমাইলি কাউন্সিল ফর ফ্লোরিডার যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিভাগের দায়িত্বে থাকা ফাহিম হেমানি বলেন, ইসমাইলি সম্প্রদায়ের কাছে সেবা ও স্বেচ্ছাসেবার পাশাপাশি পরিবেশের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ মূল্যবোধ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো পরিবেশ রেখে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হেমানি বলেন, টাম্পা এবং শহরটির সব বাসিন্দার ভবিষ্যতের প্রতি সম্প্রদায়ের অঙ্গীকারের অংশ হিসেবে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে।
রওলেট পার্কে আয়োজিত অনুষ্ঠানে একটি স্মারক ফলকও উন্মোচন করা হয়। পার্কটি বুশ গার্ডেনসের দক্ষিণে অবস্থিত।
আয়োজকেরা জানান, রোপণ করা অনেক গাছ এখনো ছোট। সময়ের সঙ্গে এগুলো বড় হয়ে স্থানীয় বাসিন্দাদের ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখতে এবং পানির মান উন্নয়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পার্কটিকে আরও উপযোগী করে তুলবে বলে আশা করছেন তারা।
তথ্যসূত্র: ফক্স ১৩ নিউজ

























