নিউইয়র্কে আরও ৩ লাখ ৪০ হাজার মানুষ পাবেন অর্ধেক ভাড়ায় বাস-সাবওয়েতে যাতায়াতের সুযোগ
- প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫
- / 27
নিউইয়র্ক, ১৯ নভেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বল্প আয়ের আরও প্রায় ৩ লাখ ৪০ হাজার বাসিন্দা বাস ও সাবওয়েতে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ পেতে যাচ্ছেন। শহরের ‘ফেয়ার ফেয়ারস’ কর্মসূচিতে অংশ নেওয়ার বার্ষিক আয়সীমা ফেডারেল দারিদ্র্যসীমার ১৫০ শতাংশ থেকে বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হলে যোগ্য যাত্রীরা প্রতি যাত্রায় ৩ ডলারের পরিবর্তে ১ ডলার ৫০ সেন্ট ভাড়া দেবেন।
নতুন নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তির বার্ষিক আয় সর্বোচ্চ ৩১ হাজার ৯২০ ডলার এবং চার সদস্যের পরিবারের আয় ৬৬ হাজার ডলার পর্যন্ত হলে এ সুবিধার জন্য আবেদন করা যাবে। আগে এই সীমা ছিল যথাক্রমে ২৩ হাজার ৯৪০ ও ৪৯ হাজার ৫০০ ডলার।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের হিসাবে, আয়সীমা বাড়ানোর ফলে প্রায় ৩ লাখ ৪০ হাজার নতুন বাসিন্দা কর্মসূচিটির আওতায় আসবেন। এতে মোট যোগ্য বাসিন্দার সংখ্যা দাঁড়াবে প্রায় ১৩ লাখ। কর্মসূচির সম্প্রসারণে শহরের ব্যয় হবে ৫ কোটি ৪০ লাখ ডলার।
নিউইয়র্ক সিটির মানবসম্পদ প্রশাসন পরিচালিত ‘ফেয়ার ফেয়ারস’ কর্মসূচিতে সাবওয়ে, নির্ধারিত স্থানীয় বাস এবং অ্যাকসেস-এ-রাইড পরিবহনে ৫০ শতাংশ ভাড়ার ছাড় দেওয়া হয়। ১৮ থেকে ৬৪ বছর বয়সী নিউইয়র্ক সিটির বাসিন্দারা পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী নির্ধারিত আয়সীমার মধ্যে থাকলে এ সুবিধার জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর অভিবাসনসংক্রান্ত অবস্থান এ ক্ষেত্রে বিবেচ্য নয়।
এ কর্মসূচির আওতায় থাকা যাত্রীদের জন্য সাপ্তাহিক ভাড়ার সর্বোচ্চ সীমাও রয়েছে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির তথ্য অনুযায়ী, সাবওয়ে ও স্থানীয় বাসে এক সপ্তাহে সর্বোচ্চ ১৭ ডলার ৫০ সেন্ট ভাড়া দিতে হয়। নির্ধারিত সীমায় পৌঁছানোর পর ওই সপ্তাহে পরবর্তী যাত্রাগুলোতে আর ভাড়া দিতে হয় না।
নতুন নিয়মে পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের ফেডারেল দারিদ্র্যসীমার হিসাব অনুযায়ী, দুই সদস্যের পরিবারের জন্য ৪৩ হাজার ২৮০ ডলার, তিন সদস্যের জন্য ৫৪ হাজার ৬৪০ ডলার, পাঁচ সদস্যের জন্য ৭৭ হাজার ৩৬০ ডলার এবং ছয় সদস্যের পরিবারের জন্য ৮৮ হাজার ৭২০ ডলার পর্যন্ত আয় গ্রহণযোগ্য হবে।
উদাহরণ হিসেবে, আগে বছরে ২৮ হাজার ডলার আয় করা একজন ব্যক্তি এ কর্মসূচির আওতায় আসতে পারতেন না। নতুন নিয়ম কার্যকর হলে তিনি যোগ্য হবেন।
নিয়মিত কর্মস্থলে যাতায়াত করা একজন যাত্রী সপ্তাহে পাঁচ দিন যাওয়া-আসা করলে মোট ১০ বার যাত্রা করেন। প্রতিবার ৩ ডলার ভাড়া হিসাবে তাঁর সাপ্তাহিক খরচ হয় ৩০ ডলার। ফেয়ার ফেয়ারস সুবিধা পেলে তা কমে দাঁড়াবে ১৫ ডলারে। এ হিসাবে বছরে প্রায় ৭৮০ ডলার সাশ্রয় সম্ভব।
আবেদনের প্রক্রিয়া
ফেয়ার ফেয়ারস কর্মসূচিতে আবেদন করতে আগ্রহীদের প্রথমে শহর কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের যোগ্যতা যাচাই করতে হবে। এরপর পরিচয়, বয়স, নিউইয়র্কে বসবাস এবং পরিবারের আয়ের প্রমাণপত্র সংগ্রহ করে অনলাইনে অ্যাকসেস এইচআরএ ব্যবস্থার মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করেও আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া ফেয়ার ফেয়ারস কার্যালয়ে সরাসরি গিয়েও আবেদন করা যাবে। আবেদন অনুমোদিত হলে সাধারণত তিন সপ্তাহের মধ্যে ডাকযোগে ফেয়ার ফেয়ারস ওএমএনও কার্ড পাঠানো হয়। যারা অ্যাকসেস-এ-রাইড ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে ছাড় সরাসরি পরিবহন হিসাবের সঙ্গে যুক্ত হবে। প্রয়োজনে ৩১১ নম্বরে যোগাযোগ করে তথ্য পাওয়া যাবে।
শহর কর্তৃপক্ষের সংশোধিত নিয়ম অনুযায়ী, যারা সরকারি সহায়তা পাওয়ার সময় ফেয়ার ফেয়ারস কর্মসূচিতে নিবন্ধিত হয়েছেন, তাঁরা ওই সহায়তা অব্যাহত থাকলে প্রতিবছর নতুন করে নিবন্ধনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন।
এদিকে গণপরিবহনের ভাড়া বাড়ানোর পরিকল্পনার মধ্যেই এ সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত এসেছে। চলতি বছরের জানুয়ারিতে নিউইয়র্কের সাবওয়ে ও বাসের সাধারণ ভাড়া ৩ ডলারে উন্নীত করা হয়। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির প্রাথমিক বাজেটে ২০২৭ সালের মার্চ থেকে আরও ৪ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। সম্ভাব্য নতুন ভাড়া ৩ ডলার ১০ সেন্ট থেকে ৩ ডলার ১৫ সেন্ট হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভাড়ার চাপ নিয়ে কমিউনিটি সার্ভিস সোসাইটির প্রায় দুই হাজার নিউইয়র্কবাসীর ওপর করা এক জরিপেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজনের একজন জানিয়েছেন, প্রয়োজনের সময় গণপরিবহনের ভাড়া বহন করার সামর্থ্য তাঁদের ছিল না।
ফেয়ার ফেয়ারস কর্মসূচির আয়সীমা বাড়ানোর উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল। গত বছর দারিদ্র্যসীমার ১৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ করা হয়। এবার তা ২০০ শতাংশে উন্নীত করা হলো। নিউইয়র্ক সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শন আব্রেউ ভবিষ্যতে আয়সীমা আরও বাড়িয়ে ২৫০ শতাংশ পর্যন্ত নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
আবেদন সহজ করার উদ্যোগ
সুবিধাটি পাওয়ার যোগ্য বাসিন্দাদের বড় একটি অংশ এখনো কর্মসূচিতে নিবন্ধিত হননি। হিসাব অনুযায়ী, যোগ্য ব্যক্তিদের প্রায় ৪০ শতাংশ বর্তমানে এ সুবিধা নিচ্ছেন। সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন আবেদনপ্রক্রিয়াকে দীর্ঘ ও ব্যবহারবান্ধব নয় বলে মন্তব্য করেছেন। আবেদনপত্রের দৈর্ঘ্য প্রায় ১৩ পৃষ্ঠা।
গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটি কাউন্সিল আবেদনপ্রক্রিয়া সহজ করার লক্ষ্যে একটি আইন পাস করেছে। এতে খাদ্যসহায়তা কর্মসূচি এবং নগদ সরকারি সহায়তা পাওয়া ব্যক্তিদের জন্য দ্রুত নিবন্ধনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি ফেয়ার ফেয়ারস কর্মসূচিতে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের সুযোগ চালু করা যায় কি না, তা পর্যালোচনার জন্য একটি গবেষণার নির্দেশনাও রয়েছে।
আগামী ৩০ নভেম্বর নতুন আয়সীমা কার্যকর হওয়ার কথা। ফলে আগে আয়সীমার কারণে যাঁরা সুবিধা পাননি, তাঁদের নতুন নিয়ম অনুযায়ী যোগ্যতা যাচাই করে আবেদন করার সুযোগ তৈরি হচ্ছে।
























